ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আইসিটি খাতের অনিয়মে জড়িতদের কালো তালিকাভুক্ত করার দাবি

২০৩৩ সালের মধ্যে শতভাগ ডিজিটাল রূপান্তরের প্রস্তাব, ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্য

আইসিটি খাতের অনিয়মে জড়িতদের কালো তালিকাভুক্ত করার দাবি
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ | ০০:৩৩

‘ডিজিটাল বাংলাদেশ’ ও ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার নামে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে অনিয়ম ও অর্থ পাচারে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করার দাবি জানিয়েছে বেসিস সংস্কার পরিষদ। একই সঙ্গে আগের সরকারের আমলে সরকারি প্রকল্পের কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম যাচাইয়ের আহ্বান জানিয়েছে সংগঠনটি। তাদের আশঙ্কা, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে জাতীয় আইসিটি অবকাঠামো, ডেটাবেজ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

জাতীয় আইসিটি অবকাঠামো ও ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষায় ১০ দফা সুপারিশে এসব দাবি তুলে ধরে পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে এসব সুপারিশ তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের উপদেষ্টা ও বেসিস সহায়ক কমিটির সাবেক কো-চেয়ারম্যান প্রকৌশলী মো. মিজানুর রহমান।

লিখিত বক্তব্যে বলা হয়, লাইসেন্স প্রদান, সরকারি প্রকল্প, হাইটেক পার্ক নির্মাণ ও ব্যান্ডউইথ কেনাকাটাসহ আইসিটি খাতের বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পরও আগের সরকারের আমলে কাজ পাওয়া কিছু প্রতিষ্ঠান সরকারি প্রকল্পের কাজ পাচ্ছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম যাচাই করে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ১৪ দল এবং প্রতিবেশী একটি রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান চিহ্নিত করার দাবিও জানিয়েছে পরিষদ।

সাত বছরে শতভাগ ডিজিটাল রূপান্তরের প্রস্তাব
২০২৭ থেকে ২০৩৩ সালের মধ্যে দেশের নাগরিক সেবা ও সরকারি দপ্তরের শতভাগ ডিজিটাল রূপান্তরের প্রস্তাব দিয়েছে বেসিস সংস্কার পরিষদ। এ জন্য জাতীয় ডিজিটাল রূপান্তর রোডম্যাপ তৈরি করে নির্দিষ্ট সময়সীমা ও বাস্তবায়ন পরিকল্পনা নির্ধারণের সুপারিশ করেছে তারা। পরিষদের মতে, এ উদ্যোগের মাধ্যমে আইসিটি খাতে অন্তত ১০ লাখ মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশে প্রায় চার কোটি তরুণের মধ্যে সরকারি হিসাবে ২১ লাখ বেকার। প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে প্রায় সাড়ে সাত লাখ স্নাতক বের হচ্ছেন। এই বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আইসিটি খাতকে কাজে লাগানো জরুরি।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সহিংসতা, সন্ত্রাস ও নাশকতার ঘটনাও তুলে ধরেন বক্তারা। তাঁদের অভিযোগ, গত এক মাসে দেশের বিভিন্ন স্থানে এসব ঘটনায় ব্যবসা-বাণিজ্যের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ঘটনার কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তাঁরা। পাশাপাশি আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু ও দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এসব ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রতিবেশী একটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ বলেও অভিযোগ করে পরিষদ।

পরিষদের ১০ দফা সুপারিশে সাম্প্রতিক হত্যাকাণ্ড, বোমা হামলা ও নাশকতার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি শিল্পাঞ্চল ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রশাসনে জবাবদিহি প্রতিষ্ঠারও দাবি জানানো হয়েছে।

সরকারি প্রকল্পে উন্মুক্ত প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা, সাইবার নিরাপত্তা নিরীক্ষা বাধ্যতামূলক করা এবং বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করার প্রস্তাব রয়েছে সুপারিশে। এ ছাড়া আইসিটি খাতে দক্ষ জনবল নিয়োগ, বেসিসের গঠনতন্ত্র সংস্কার এবং সদস্য ও ভোটার তালিকা পরিশুদ্ধ করে দ্রুত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে পরিষদের উপদেষ্টা রওশান কামাল জেমস, আহ্বায়ক রোকমুনুর জামান রনি, যুগ্ম আহ্বায়ক আবু তাহের ও সদস্যসচিব নাদিম হৃদয় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×