ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

পাপিয়া ও তার স্বামীর সম্পদ অনুসন্ধানে নামবে দুদক

পাপিয়া ও তার স্বামীর সম্পদ অনুসন্ধানে নামবে দুদক
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:২৩

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার এ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য সমকালকে জানান, এই দম্পতির দেশে-বিদেশের স্থাবর-অস্থাবর সম্পদ অনুসন্ধানে  শিগগিরই একজন কর্মকর্তাকে নিযুক্ত করা হবে। তাদের সঙ্গে গ্রেপ্তার হওয়া সাব্বির খন্দকার ও শেখ তায়্যিবার সম্পদের খোঁজ-খবরও নেবে দুদক।

বিদেশে পালিয়ে যাওয়ার সময় গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শামীমা নূর পাপিয়া, তার স্বামী মফিজুর রহমান, তার ব্যক্তিগত সহকারী সাব্বির খন্দকারকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে জাল টাকা, ডলারসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকা জব্দ করা হয়। এরপর তাদের কাছ থেকে তথ্য পেয়ে রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিন থেকে শামীমা নূর ও শেখ তায়ি্যবাকে গ্রেফতার করা হয়। 

প্রণব কুমার ভট্টাচার্য জানান, অনুসন্ধানের সময় তাদের স্থাবর-অস্থাবর সম্পদের খোঁজ করা হবে। ব্যাংকে তাদের জমা করা টাকার তথ্য সংগ্রহ করা হবে। তারা বিদেশে অর্থ পাচার করেছেন কি না- এ ব্যাপারেও আইন অনুযায়ী তথ্য সংগ্রহ করা হবে। তাদের অর্থ-সম্পদের বৈধ উৎস্য আছে কি না- এ বিষয়ে অভিযুক্তদের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ জানাতে হবে।

ইতিমধ্যে নামে-বেনামে থাকা তাদের নানা সম্পদের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রকাশিত ওইসব সম্পদের তথ্য যাচাই করবে দুদক। রাজধানীর একাধিক পাঁচতারকা হোটেলে রেখে নারীদের অনৈতিক কাজে বাধ্য করা ও বিত্তশালীদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে পাপিয়ার বিরুদ্ধে।

আরও পড়ুন

×