দোলা-নুসরাত হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০১:৫৩ | আপডেট: ০৩ মার্চ ২০২০ | ০২:৩৮
রাজধানীর ডেমরায় শিশু ফারিয়া আক্তার দোলা ও নুসরাত জাহানকে ধর্ষণচেষ্টার পর হত্যার মামলায় দুই আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার তৃতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার মামলার দুই আসামি গোলাম মোস্তফা ও আজিজুল বাওয়ানীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি রায়ে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জারিমানা করা হয়েছে।
হত্যার শিকার দুই শিশু ফারিয়া আক্তার দোলা (৭) ও নুসরাত জাহান (৫) ডেমরার কোনাপাড়ায় একটি নার্সারি স্কুলে পড়ত। ২০১৯ সালের ৭ জানুয়ারি দুপুরে বাড়ির সামনে খেলার মধ্যেই নিখোঁজ হয় তারা। এরপর রাতে স্থানীয় আবুলের বাড়ির নিচতর ভাড়াটিয়া মোস্তফার বাসার খাটের নিচ থেকে মেয়ে দুটির লাশ উদ্ধার করে পুলিশ।
লিপস্টিক দেওয়ার কথা বলে দুই শিশুকে ফ্ল্যাটে নিয়ে যান মোস্তফা ও আজিজুল। এর পর নুসরাত ও ফারিয়াকে আসামিরা সাজিয়ে দেন। পরে মোস্তফা ও আজিজুল ইয়াবা সেবন করে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেন দুই আসামি।
এ ঘটনায় নুসরাতের বাবা পলাশ হাওলাদার বাদী হয়ে ডেমরা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে বিচার শুরু করেন। মামলায় ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়।
- বিষয় :
- ডেমরা
- ফাঁসির রায়
- হত্যা মামলা
