ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মাস্ক মজুদ করা হচ্ছে কি না, তদারকির আদেশ হাইকোর্টের

মাস্ক মজুদ করা হচ্ছে কি না, তদারকির আদেশ হাইকোর্টের
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২০ | ০২:১৪ | আপডেট: ০৯ মার্চ ২০২০ | ০৩:০২

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সুযোগ নিয়ে কেউ যেন মাস্ক মজুদ রেখে মাস্কের দাম বেশি রাখতে না পারে তা তদরকির আদেশ দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্ট বলেছেন, মাস্ক ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে। তবে কেউ যেন মাস্কের বেশি দাম না নিতে পারে এবং মজুত করতে না পারে তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তদারকি করা দরকার।

সোমবার করোনাভাইরাস প্রতিরোধে নেওয়া পদক্ষেপ–সম্পর্কিত প্রতিবেদনের ওপর শুনানিতে আদালত এসব কথা বলেন। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই শুনানি হয়।

আজ করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের নেওয়া পদক্ষেপের প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার এ প্রতিবেদন উপস্থাপন করেন। 

গত ৫ মার্চ করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তা জানাতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

আরও পড়ুন

×