করোনার কারণে স্কুল-কলেজ বন্ধের যুক্তি নেই: স্বাস্থ্য সচিব
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম (ফাইল ছবি)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২০ | ০৪:৪০
করোনাভাইরাসের কারণে স্কুল-কলেজ বন্ধের কোনো যুক্তি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম। তিনি বলেছেন, স্কুল-কলেজ বন্ধের কোনো ভিত্তি নেই। তবে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব।
জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়ে আসাদুল ইসলাম বলেছেন, তিন স্তরে পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে করোনাভাইরাস না ছড়ায়।
এসময় সাংবাদিকেরা জানতে চান, ইতালি থেকে আক্রান্তরা তাহলে কীভাবে দেশে এলেন? এর জবাবে তিনি বলেন, ‘ভাইরাসের ধরনগুলো জানা দরকার। সব সময় থার্মাল স্ক্যানারে ধরা পড়ে না। ১০০ জনকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সব দেশের অন অ্যারাইভাল ভিসা বন্ধ করা হয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিং করেন। তিনি বলেন, আজকের বৈঠকে জাতীয় জাদুঘর আইন-২০২০ এর খসড়া নীতিগত অনুমোদন করা হয়েছে। এতে প্রত্যেক জাদুঘরে একজন কিউরেটর ও একজন সহকারী কিউরেটর রাখা এবং ভার্চুয়াল জাদুঘর করার বিধান রাখা হয়েছে।
রোববার দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্তের কথা জানায় আইইডিসিআর। করোনা আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন ইতালি ফেরত এবং একজন দেশে ছিলেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। আক্রান্তদের বয়স ২৫ থেকে ৩৫ বছর। এদের মধ্যে দু’জন একই পরিবারের।
- বিষয় :
- করোনাভাইরাস
- চীন
