ঢাবি শিক্ষকরাও বন্ধ চান, উপাচার্য বললেন সিদ্ধান্ত সোমবার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২০ | ০৯:৫৮
করোনাভাইরাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম বন্ধ চেয়ে চিঠি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
রোবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি দেন তারা। এছাড়া সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহকারী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। খবর ইউএনবির
সাদ্দাম হোসেন বলেন, করোনাভাইরাসের প্রেক্ষিতে সব শিক্ষর্থীর নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে কোনো ধরনের সভা, সমাবেশ ও অনুষ্ঠান আয়োজনে অনুমতি না দেয়ার অনুরোধও জানিয়েছি।
করোনাভাইরাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম বন্ধ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার জরুরি বৈঠকে বসবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাবির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। পরিস্থিতি সামাল দেয়ার জন্য আমরা কী করতে পারি সে বিষয়ে সিদ্ধান্ত নেব।
অনুষদের ডিন, সকল ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের প্রধান এবং হল প্রোভোস্টদের সকাল ১০টায় জরুরি সভায় অংশ নিতে বলা হয়েছে বলে জানান ভিসি। সভায় সভাপতিত্ব করবেন ভিসি আখতারুজ্জামান।
- বিষয় :
- করোনাভাইরাস
- করোনার প্রাদুর্ভাব
