ঢাবি ছাত্রী ধর্ষণ: একমাত্র আসামি মজনুর বিরুদ্ধে চার্জশিট জমা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০৮:১১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের মামলায় গ্রেপ্তার হওয়া মজনুর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার আড়াই মাস পর সোমবার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সংশ্নিষ্ট শাখায় ২২৯ পাতার এই চার্জশিট জমা দেন।
গত ৫ জানুয়ারি সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ডে বাস থেকে নেমে ফুটপাত দিয়ে হাঁটছিলেন। ওই সময়ে এক ব্যক্তি তাকে পেছন থেকে গলা ধরে মাটিতে ফেলে দেয়। তার গলা চেপে ধরে অদূরে ঝোপের মধ্যে নিয়ে মেয়েটির উপর পাশবিকতা চালানো হয়। ওই ঘটনায় র্যাব সদস্যরা মজনু নামে এক ভবঘুরে ব্যক্তিকে গ্রেপ্তার করে। ওই সময়ে র্যাবের পক্ষ থেকে বলা হয়, মজনু একজন সিরিয়াল রেপিষ্ট (ক্রমিক ধর্ষক)। সে পথশিশু থেকে শুরু করে ফুটপাত, বস্তি ও রেলস্টেশন কেন্দ্রিক ভবঘুরে নারীদের ধরে নিয়ে ধর্ষণ করে। ছাত্রীর খোয়া যাওয়া মোবাইল ফোনটিও তার কাছ থেকে উদ্ধার করা হয়।
পরে ওই ঘটনায় দায়ের মামলটি ডিবি-উত্তর বিভাগ তদন্ত করে। একমাত্র আসামি মজনু আদালতে স্বীকারোক্তি দিয়ে ধর্ষণে জড়িত থাকার কথা জানায়। তদন্ত সংস্থাও জানায়, মজনু একজন সিরিয়াল রেপিস্ট।
ডিবি-উত্তর বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান সমকালকে বলেন, ওই ঘটনাটি দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। এজন্য ডিবি টিম অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। ঘটনার নেপথ্যে অন্য কোন কারণ বা ধর্ষণে আর কেউ জড়িত ছিল কি-না-তা গভীরভাবে তদন্ত করা হয়। কিন্তু প্রযুক্তিগত তদন্তসহ নানা ধরনের তদন্ত, ভিকটিমের বক্তব্য আর আসামির জবানবন্দিতে গ্রেপ্তার মজনু একাই ধর্ষণে জড়িত ছিল বলে তদন্তে উঠে আসে। তা ছাড়া ডিএনএ নমুনা পরীক্ষাসহ সব ধরনের ফরেনসিক পরীক্ষাতে একমাত্র মজনুর সম্পৃক্ততার প্রমাণ মেলে। এজন্য তাকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।
মামলাটির তদন্ত তদারকি কর্মকর্তা ডিবি-উত্তর বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমের এডিসি জুনায়েদ আলম সমকালকে বলেন, আদালতে জমা দেওয়া চার্জশিটে ১৬ জন সাক্ষী করা হয়েছে। তাদের মধ্যে আসামি মজনু যে দুইজনের কাছে ঘটনার শিকার ছাত্রীর মোবাইল ফোনটি বিক্রি করেছিল তারাও রয়েছেন। এ ছাড়া ২০ ধরনের আলামতও আদালতে উপস্থাপন করা হয়েছে।
ডিবির এই কর্মকর্তা আরও বলেন, দীর্ঘ সময় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তারা মামলাটি তদন্ত করেছেন। আশা করছেন, আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে।
- বিষয় :
- ঢাবি ছাত্রী ধর্ষণ
- মজনু
- ধর্ষক মজনু
- চার্জশিট জমা
