ভ্রাম্যমাণ আদালতে ১২১ শিশুর সাজা অবৈধ ঘোষণার রায় স্থগিত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ১০:১৭ | আপডেট: ১৬ মার্চ ২০২০ | ১১:১১
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিশুদের সাজা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করা হয়েছে।
রাষ্ট্রপক্ষে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি।
'আইনে মানা, তবু ১২১ শিশুর দণ্ড' শিরোনামে গত ৩১ অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়। পরে প্রতিবেদনটি নজরে এলে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। আদেশে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডিত হয়ে শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা ১২ থেকে ১৮ বছর পর্যন্ত শিশুদের ছয় মাসের জামিন দেওয়া হয়। তবে এ ক্ষেত্রে শিশু আদালতেরও সন্তুষ্টি থাকতে হবে। এরপর জামিননামা দাখিল হওয়ার পর শিশু আদালত থেকে কয়েক শিশুকে মুক্তি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় রুলের চূড়ান্ত শুনানি নিয়ে ১১ মার্চ হাইকোর্ট রায় দেন। রায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিশুদের বিচার ও দণ্ড আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে দণ্ডিত ১২১ শিশুর সাজা বাতিল ঘোষণা করা হয়।
ওই শিশুদের মধ্যে মুক্তি না পাওয়া শিশু অন্য কোনো অপরাধে জড়িত না থাকলে তাদের অবিলম্বে মুক্তি দিতেও নির্দেশ দেন হাইকোর্ট। এরপর ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।
