ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

সমকালের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় জিডি

সমকালের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় জিডি
×

দৈনিক সমকালের লোগো ব্যবহার করে ফেসবুকে ভুয়া পেজের কাভার ফটো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২০ | ০৪:৪০ | আপডেট: ১৯ মার্চ ২০২০ | ০৫:৫৭

দৈনিক সমকালের মাস্টহেড ও স্লোগান ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে ভুয়া ফেসবুক পেজ খুলেছে দুষ্কৃতিকারীরা। এ ব্যাপারে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে সমকাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে সমকালের পক্ষে অ্যাডমিন ম্যানেজার এসএম আবু রেজা এই সাধারণ ডায়েরি করেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জিডির বিষয়ে তদন্ত করছেন। 

সমকালের ভ্যারিফাইড ফেসবুক পেজের কাভার ফটো

জিডিতে বলা হয়েছে, সমকালের আসল ফেসবুক পেজে কাভার ফটো হিসেবে রয়েছে ‘নকল পণ্য কিনবো না নকল পণ্য বেচবো না’ সমকাল প্রাচারাভিযানের ছবি। আর নকলটিতে রয়েছে সংসদ ভবনের ছবি। আসল পেজটি ভেরিফায়েড এবং লাইক ১৮ লাখ ৫ হাজারের বেশি। ভুয়া পেজটি ভেরিফায়েড নয় এবং লাইক ৬৮ হাজার।  

জিডিতে আরও বলা হয়, আসল পেজের নাম TheDailySamakal। নকলটির নাম Daily Somokal-সমকাল @Thedailysomokal। আসল পেজের কাছাকাছি বানানে নকল পেজটি বানানো হয়েছে। নকল পেজটি https://insaf24.com থেকে পরিচালনা করা হয়। সমকালের লোগো ব্যবহার করে নকল পেজটি পরিচালিত হওয়ায় পাঠক সেটি দেখে বিভ্রান্ত হচ্ছে। 

এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে সমকালের জিডিতে।

আরও পড়ুন

×