স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল
ওবায়দুল কাদের (ফাইল ছবি)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ মার্চ ২০২০ | ০৩:৪০
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এসময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তৃণমূলের জনপ্রতিনিধিদের করোনভাইরাস সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘ভাষণে প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন। সরকারিভাবে সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী ও দলের সভাপতি হিসেবে শেখ হাসিনার নির্দেশে দলের সব প্রোগ্রাম বাতিলের নির্দেশ দিচ্ছি।
জনপ্রতিনিধিদের উদ্দেশে কাদের বলেন, জনপ্রতিনিধিরা করোনা ভাইরাসের বিষয়ে স্থানীয়দের সতর্ক করুন। কারও মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে আমাদের জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে খাদ্য সংকট নেই। কেউ খাদ্য মজুদ করলে সরকার ব্যবস্থা নেবে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী করোনাভাইরাসে বিশ্বে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৫৫৩ জন এবং মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৪ হাজার ৬৫৪ জনে।
আক্রান্ত হওয়াদের মধ্যে থেকে ৯৮ হাজার ৮৮৪ জন পুরোপুরি সুস্থ হলেও ২ লাখ ১৩ হাজার ৪৬২ জন চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি আরও ১০ হাজার ৫৫৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশ করোনাভাইরাসে এ পর্যন্ত দুজন মারা গেছেন এবং ২৭ জন আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে।
এর আগে শনিবার করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সরকার ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোসহ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করে। সেই সাথে স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে গণ অভ্যর্থনা এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানও বাতিল করা হয়।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- ওবায়দুল কাদের
