ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

রোববারের মধ্যে ১০ টাকার চালের বেনামি কার্ড জমা দেওয়ার নির্দেশ

রোববারের মধ্যে ১০ টাকার চালের বেনামি কার্ড জমা দেওয়ার নির্দেশ
×

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার - ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৪:০৮

হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণের খাদ্যবান্ধব কর্মসূচির বেনামি বা অবৈধ কার্ড জনপ্রতিনিধি-ডিলারসহ কারো কাছে থাকলে তা রোববারের (৫ এপ্রিল) মধ্যে জমা দিতে হবে। এর ব্যতিক্রম হলে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার। 

শনিবার সব জেলা প্রশাসক (ডিসি) ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের (ডিসি-ফুড) কাছে পাঠানো এক চিঠিতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমন নিদের্শনা দিয়েছেন।

চিঠিতে মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সাল থেকে দরিদ্রদের জন্য ‘শেখ হাসিনার বাংলাদেশ/ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানকে সামনে রেখে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ চালু করেছেন। এই কর্মসূচির মাধ্যমে ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল দিয়ে যাচ্ছেন। খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলার মারফত কার্ডের মাধ্যমে প্রদান করা হয়।

তিনি চিঠিতে আরও উল্লেখ করেন, ‘বর্তমান খাদ্য সচিব প্রায় তিন মাস আগে সব জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সবার কাছে তালিকাগুলো হালনাগাদ করার জন্য পত্র দিয়েছিলেন। তারপরেও তালিকাগুলো যদি সম্পূর্ণ হালনাগাদ না হয়ে থাকে, সেক্ষেত্রে নির্দেশনা হচ্ছে- যদি কোনো ডিলার, কোনো মেম্বার বা কেউ যদি বেনামি কার্ড সংরক্ষণ করে থাকেন, আগামী ৫ এপ্রিলের (রোববার) মধ্যে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তা জমা দেবেন। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা খাদ্যবান্ধব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নীতিমালা অনুসরণ করে তা রিপ্লেসমেন্ট করবেন।

চিঠিতে জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের উদ্দেশ্যে বলা হয়েছে, 'এই নির্দেশনার পরেও যদি কোনো অবৈধ কার্ড ধরা পড়ে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন

বিষয়টি সব উপজেলা নির্বাহী অফিসারদের অবহিত করতেও চিঠিতে জেলা প্রশাসকদের বলা হয়েছে।

আরও পড়ুন

×