ঈদের দিন রোদ উঠবে কি, পূর্বাভাস যা বলছে
ঈদের আগেরদিন বুধবার সারাদিন দেশজুড়ে বৃষ্টি ছিল। যশোরের বাঘারপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৩ | ১৭:২০ | আপডেট: ২৯ জুন ২০২৩ | ০০:২২
মাস দুয়েক আগে ঈদুল ফিতরেও দেশজুড়ে তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত অবস্থা। দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে মোনাজাতে বৃষ্টি প্রার্থনা করতে হয়েছিল। অথচ এবার ঈদুল আজহায় দিনব্যাপী বৃষ্টির আশঙ্কায় কপালে ভাঁজ উঠছে সবার। ঈদের দিন রোদের দেখা মিলবে কিনা, সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মনে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বুধবার রাতে সমকালকে বলেন, ‘ঢাকায় আকাশ মেঘলা থাকলেও দুপুরের পর ফাঁকে ফাঁকে রোদ উঠতে পারে। আগামীকালও সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম। এছাড়া অন্যত্র বৃষ্টির সম্ভাবনা আছে।’
ঢাকাসহ দেশের বহু জেলায় বুধবার দিনভর থেমে থেমে, কোথাও টানা বৃষ্টিতে কোরবানির পশুর হাটে নাকাল হতে দেখা গেছে ক্রেতা-বিক্রেতাদের। আগামীকাল ঈদের দিনেও বৃষ্টির কথা মাথায় রেখে ঈদ জামাত ও পশু কোরবানি দেওয়ার জন্য আলাদা ব্যবস্থার রাখার চিন্তা করতে হচ্ছে।
ঘোরাঘুরিতেও বাগড়া দিতে পারে বৃষ্টি। ঈদুল ফিতরের মতো অবারিত ঘোরাঘুরির সুযোগ মেলে না কোরবানির ঈদে। কোরবানির মাংস নিয়ে স্বজনদের বাড়ি বাড়ি যেতেই হবে। ফলে বিকেলে বৃষ্টি থাকলে কিছুটা অসুবিধায় পড়তেই হবে।
ঢাকায় সকালেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘ঢাকাসহ ও দেশের মধ্যাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি। বরিশাল ও চট্টগ্রামসহ বাংলাদেশের দক্ষিণপূর্ব এলাকায় তা পরিমাণে কম।’
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, ‘রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।’
দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। তবে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়।
/ওয়াইএ/
