সমালোচনায় পুলিশ কিছুটা `ভয়` পেয়েছিল: ডিএমপি কমিশনার
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০ | ০৯:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনা পরিস্থিতিতে নাগরিকদের চলাচল নিয়ন্ত্রণে শুরুর দিকে সমালোচনার সৃষ্টি হলে পুলিশ কিছুটা 'ভয়' পেয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, সরকার নির্দেশনা দিয়েছিল নাগরিকদের ঘরে থাকার। কিছু মানুষ তা মানছিল না। তখন পুলিশ কোথাও কোথাও 'মিসবিহ্যাভ' করে। এরপর সমালোচনা শুরু হয়।
মঙ্গলবার বসুন্ধরা গ্রুপের দেওয়া ৩০ হাজার মাস্ক গ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ডিএমপি সদরদপ্তরে তা হস্তান্তর করা হয়।
পুলিশ কমিশনার বলেন, শুরুর দিকে এমনভাবে সমালোচনা করা হয়, এমনভাবে লেখালেখি শুরু হলো যে অনেক সদস্যই ভাবতে লাগলেন, একজনকে চলাচলে নিষেধ করলে সে হয়তো অভিযোগ করবে।
নগরবাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে শফিকুল ইসলাম বলেন, 'নিজের জীবনের মায়া হয়তো আপনার না থাকতে পারে কিন্তু আপনার পরিবারের সদস্যদের জীবনের তো মায়া আছে। তাদের কথা চিন্তা করে ঘরে থাকুন।'
করোনা পরিস্থিতি নিয়ে গুজব প্রতিরোধে ডিএমপির সাইবার ইউনিটগুলো কাজ করছে জানিয়ে তিনি বলেন, যখনই এ ধরনের বিষয় সামনে আসছে, তা খতিয়ে দেখে মামলা নেওয়া হচ্ছে। যেখানে মামলার মতো বিষয় নেই, সেখানেও আপত্তিকর কিছু থাকলে দ্রুত সেগুলো অপসারণ করে দেওয়া হচ্ছে। এ সময় কাঁচাবাজারগুলোতে লোকসমাগম এড়িয়ে চলতেও পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
