গণপরিবহনও ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৯:২০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাস মহামারি ঠেকাতে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরও দুই সপ্তাহ বেড়েছে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সব গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
শনিবার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি পণ্যবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না।
করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। ২৪ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানায়, 'লকডাউনে'র অংশ হিসেবে ৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে। ১১ এপ্রিল পর্যন্ত 'ছুটি' বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পর যান চলাচলে নিষেধাজ্ঞাও বাড়ানো হয়েছিল। সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের পর গণপরিবহনও ওই দিন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিষেধাজ্ঞার মধ্যে জরুরি সেবা, খাদ্যদ্রব্য, জ্বালানি, ওষুধ, চিকিৎসা সামগ্রী, কৃষিপণ্য, সার ও কীটনাশক, মাছ, মাংস, দুধ, শিশুখাদ্যসহ জীবনধারণের সব মৌলিক উপাদান উৎপাদন ও পরিবহন, গণমাধ্যম ও ত্রাণবাহী গাড়ি চলতে পারবে।
শনিবার সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, সরকার সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করায় গণপরিবহন বন্ধের সিদ্ধান্তও সে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। পণ্য পরিবহনের নাম করে গাড়িতে যাত্রী পরিবহনে অসন্তোষ জানিয়ে তিনি বলেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, পণ্যবাহী পরিবহনে যাত্রী বহনে নিষেধাজ্ঞা অনেকে মানছেন না।
সরকারি সিদ্ধান্ত মেনে বাসসহ সব গণপরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছেন, ২৫ এপ্রিল পর্যন্ত সব মালিক নিজ নিজ যানবাহন চলাচল বন্ধ রাখবেন। কেউ সিদ্ধান্ত মেনে না চললে ব্যবস্থা নেওয়া হবে।
