ছুটিতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর নির্দেশ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৯:৫৩ | আপডেট: ১১ এপ্রিল ২০২০ | ১০:১৭
করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত টানা ছুটির মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এমন নির্দেশনা সংক্রান্ত একটি চিঠি পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, মুখ্যসচিব, বাংলাদেশ বাংকের গর্ভনরসহ সকল সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো হয়।
সিনিয়র সহকারি প্রধান এইচ এম মনিরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাস মোকাবিলা এবং এর বিস্তার রোধে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দেশের অফিস-আদালত, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, বিভিন্ন ধরনের বিপণিবিতানসহ সব গার্মেন্টস কারখানা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অনেকেই ছুটিকালীন ঢাকা মহানগরীসহ বিভিন্ন মেট্রোপলিটন শহর, বিভাগীয়, জেলা, উপজেলা পর্যায় ও গ্রামাঞ্চলে ব্যবসা প্রতিষ্ঠান, বিপণিবিতানসহ শপিংমল, ব্যাংক, এটিএম বুথ, স্বর্ণের দোকান, ওষুধের দোকান, আবাসিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন।
চিঠিতে আরও বলা হয়, এ অবস্থায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি বৃদ্ধিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।
