বিদেশিদের বিবৃতি দেশের স্বাধীন বিচার ব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপের সামিল
সম্মিলিত সাংস্কৃতিক জোটের লোগো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৫৯ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৫৯
নোবেলজয়ীসহ পৃথিবীর বিভিন্ন দেশের ১৬০ জন বিশিষ্ট ব্যক্তি সম্প্রতি এক বিবৃতিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে চলমান বিচার বন্ধের দাবি জানিয়েছেন। বিদেশি বিবৃতিদাতাদের দাবি ও বক্তব্যকে বেআইনি এবং অনভিপ্রেত উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ১৩ সংগঠন। শুক্রবার জোটের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনি সাক্ষরিত সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদের তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ড. ইউনুসের বিরুদ্ধে তারই প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারী কর্তৃক দায়ের করা মামলার কার্যক্রম বন্ধ করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন নোবেলজয়ীসহ পৃথিবীর বিভিন্ন দেশের ১৬০ জন বিশিষ্ট ব্যক্তি। তাদের এ আহ্বান আইনের শাসন এবং একটি দেশের স্বাধীন বিচার ব্যবস্থার উপর সরাসরি হস্তক্ষেপের সামিল। আমরা তাদের এ ধরনের বেআইনি এবং অনভিপ্রেত বক্তব্যের প্রতিবাদ জানাই। একই সাথে আমরা মনে করি বিবৃতি দাতাদের এখন দায়িত্ব হচ্ছে ড. ইউনুসের বিরুদ্ধে দায়েরকৃত ১৬৮টি মামলায় আইনের কোন কোন ধারা লঙ্ঘন করে দেশের সর্বোচ্চ আদালত ড. ইউনুসকে অন্যায়ভাবে অপদস্থ করছে তা তুলে ধরা। আর তারা যদি তা করতে ব্যর্থ হন তাহলে এটা ধরে নেওয়াই যুক্তিযুক্ত হবে যে, বিবৃতিদাতারা প্রকৃত সত্য না জেনে কোন না কোনভাবে প্রভাবিত হয়ে এ বিবৃতিতে স্বাক্ষর করেছেন। আমরা দেশের সংবিধান এবং আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকারে বিশ্বাসী।
১৬০ জনের এ বিবৃতির সঙ্গে বাংলাদেশবিরোধী কোন ষড়যন্ত্র যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক সংগঠনসমূহ সরকারের নিকট দাবি জানান।
বিবৃতিদাতা সংগঠনগুলো হলো- সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, অভিনয় শিল্পী সংঘ, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
