করোনা আক্রান্ত চিকিৎসকের এক হোটেল থেকে আরেক হোটেলে ছোটাছুটি
সাহাদত হোসেন পরশ
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ১৩:০৩ | আপডেট: ১৮ এপ্রিল ২০২০ | ১৩:১৪
কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের করোনা পজেটিভ এক চিকিৎসক করোনা রোগীদের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত হোটেলে কোয়ারেন্টাইনে না থেকে নিজের ইচ্ছেমতো এক হোটেল থেকে আরেক হোটেলে ছোটাছুটি করেছেন।
শনিবার ওই চিকিৎসকের মালামাল বহনকারী একটি রিকশা রাজধানীর উত্তরার ১ নম্বর সেক্টরে পুলিশের সামনে পড়লে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আসে।
পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা শনিবার রাতে সমকালকে এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের ওই চিকিৎসক করোনা পজেটিভ শনাক্ত হলে হাসপাতালের পক্ষ থেকে তাকে সেই হাসপাতালে থেকেই চিকিৎসা নিতে বলা হয়েছিল। তিনি সেখানে থাকতে রাজি না হওয়ায় চিকিৎসক করোনা রোগীদের জন্য সরকারের দেওয়া উত্তরার ম্যাপল লিপ হোটেলে তার সহকর্মীদের সঙ্গে কোয়ারেন্টাইনে থাকা শুরু করেন।
পুলিশ সূত্রটি আরও জানায়, ওই চিকিৎসক ম্যাপল লিপ হোটেলে কয়েকদিন থাকার পর কাউকে না জানিয়ে করোনা আক্রান্তের তথ্য গোপন করে আশপাশের কয়েকটি হোটেলে উঠার চেষ্টা করেন। তার সহকর্মীরা বিষয়টি টের পেয়ে ওই হোটেলগুলোকে তাকে নিতে মানা করেন। শনিবার ওই চিকিৎসক নিজে মোটরসাইকেল চালিয়ে উত্তরার গার্ডেন রেসিডেন্স হোটেলে উঠেন। তার মালামাল বহনকারী রিকশা তার মালামাল নিয়ে পালিয়ে গেলে সেগুলোও তিনি উদ্ধার করেন। এরপর মালামালসহ রিকশা পুলিশের নজরে এলে এসব তথ্য বেরিয়ে আসে।
করোনা আক্রান্ত চিকিৎসক নিজের করোনার তথ্য গোপন করে গার্ডেন রেসিডেন্স হোটেলে উঠেন। ফলে ওই হোটেলের অতিথি ও কর্মচারীরা ঝুঁকিতে থাকায় বর্তমানে হোটেলটি পুলিশ নজরদারিতে রেখেছে বলেও পুলিশ সূত্রটি জানায়।
