ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অক্টোবরকে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ঘোষণার দাবি

অক্টোবরকে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ঘোষণার দাবি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৫২ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৫২

‘আমাদের বিশ্বকে সুরক্ষিত করি’ এ প্রতিপাদ্যে মাসজুড়ে সারাদেশে শুরু করতে যাচ্ছে অষ্টম সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (ক্যাম) অক্টোবরের কর্মসূচি। বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও অক্টোবরকে ‘জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’ ঘোষণা করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক জাতীয় কমিটি (এনসিসিএ)।

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান এনসিসিএ নেতারা।

মোবাইল ফোন অপারেটর রবি এবং প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান সফোস ও সাইবার প্যারাডাইজের পৃষ্ঠপোষকতায় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস-২০২৩ এর কর্মসূচি বাস্তবায়ন হতে যাচ্ছে। 

জাতীয় কমিটির এই আয়োজনে সহযোগী হিসেবে আছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), নারা শিশুদের অনলাইন সুরক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক ১৬টি সংগঠনের প্রতিনিধিত্বকারী প্ল্যাটফর্ম ‘সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন’ (সিএসডব্লিউসি) এবং প্রযুক্তি পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিকেটরস ফোরাম (বিডিএসএএফ)।  

অনুষ্ঠানে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক জাতীয় কমিটির সমস্যা সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা প্রকৌশলী মো. মুশফিকুর রহমান। সিক্যাফ সভাপতি কাজী মুস্তাফিজের সঞ্চালনায় আরও বক্তব্য দেন রবির সাইবার সিকিউটি অ্যান্ড প্রাইভেসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় চক্রবর্তী, এনসিসিএ সদস্য, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ কাওছার উদ্দিন, এনসিসি সদস্য মো. আবুল হাসান, বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আশফাকুর রহমান, ব্লাস্টের সহকারী পরিচালক-শালিস ও সিএসডব্লিউসির উপদেষ্টা তাপসী রাবেয়া প্রমুখ৷

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, আইডিতে বহুস্তরের নিরাপত্তাব্যবস্থা, পাসওয়ার্ড, ফিশিং চেনার উপায় এবং নিয়মিত সফটওয়্যার হালনাগাদ এই চারটি বিষয় মেনে চললে অনলাইনে ব্যবহারকারী নিজেই অনলাইনে নিজের নিরাপত্তা বলয় তৈরি করতে পারবেন।

প্রকৌশলী মুশফিকুর রহমান বলেন, বিদেশি সফটওয়্যার ব্যবহারে তথ্য নিরাপত্তা ঝুঁকি থাকে। জাতীয় নিরাপত্তার স্বার্থে তথ্যপ্রযুক্তি খাতে দেশীয় উৎপাদিত সাফটওয়্যার ব্যবহারের চর্চা বাড়াতে হবে। আর এটি নিশ্চিত করতে হলে প্রযুক্তিতে নিজেদের দক্ষ জনশক্তি তৈরি করা জরুরি এতে দেশের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রযুক্তি রপ্তানির মাধ্যমে বৈদেশিক আয়ও বাড়বে। 


আরও পড়ুন

×