ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বিস্ফোরক পরিদপ্তরকে আধুনিক করা প্রয়োজন: নসরুল হামিদ

বিস্ফোরক পরিদপ্তরকে আধুনিক করা প্রয়োজন: নসরুল হামিদ
×

ভিডিও কনফারেন্সে নসরুল হামিদ বিপু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২০ | ০৯:৪৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

উন্নত বিশ্বের সঙ্গে সমন্বয় করে বিস্ফোরক পরিদপ্তরকে আধুনিক করা প্রয়োজন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, এই পরিদপ্তরের কার্যক্রম জনবান্ধব করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে। 

রোববার রাজধানীতে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ‘বিস্ফোরক পরিদপ্তর, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, হাইড্রোকার্বন ইউনিট ও খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

এ সভায় অংশ নেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মো. জাফর উল্লাহ, হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক এ এস এম মঞ্জুরুল কাদের, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন ও বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক মো. মঞ্জুরুল হাফিজ।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, উন্নত বিশ্বের সঙ্গে সমন্বয় করে বিস্ফোরক পরিদপ্তরকে আধুনিক করা প্রয়োজন। প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। কারিগরি জ্ঞানসম্পন্ন  অধিক লোকবল নিয়োগ দেওয়া উচিত। বিস্ফোরক বা দাহ্য পদার্থ মজুদ, ব্যবহার বা পরিবহন সংক্রান্ত শিষ্ঠাচার অংশীজনদের কাছে পৌঁছে দিতে হবে। পরিদপ্তর ও অংশীজনদেরে যৌথ উদ্যোগে সাধারণ জনগণ ও ব্যবহারকারীদের সচেতন করতে নিয়মিত আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম, টক শো আয়োজন করা যেতে পারে। 

ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের বিদ্যমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনাকালে তিনি বলেন, প্রতিটি কাজ দ্রুত সম্পন্ন করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। 

সভায় হাইড্রোকার্বন ইউনিটের কার্যক্রম নিয়ে আলোচনাকালে প্রতিমন্ত্রী বলেন, হাইড্রোকার্বন ইউনিটকে আমরা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পেট্টোলিয়াম ও মিনারেল খাতের থিংক ট্যাংক হিসেবে দেখতে চাই। নতুন কোন বিষয় বা নতুন কোন ধারণা বা অ-প্রথাসিদ্ধ জ্বালানির ব্যবহার বা ভবিষ্যৎ জ্বালানি নিয়ে প্রতিষ্ঠানটি গবেষণা করবে। মানবসম্পদ উন্নয়নেও হাইড্রোকার্বন ইউনিট দায়িত্ব নিতে পারে। 

এ সময় প্রতিমন্ত্রী খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোকে মন্ত্রণালয় ও জেলা পর্যায় আরও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।


আরও পড়ুন

×