ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ফ্লাইট চালুর বিষয়ে এশিয়া প্যাসিফিক এভিয়েশন নেতাদের বৈঠক

ফ্লাইট চালুর বিষয়ে এশিয়া প্যাসিফিক এভিয়েশন নেতাদের বৈঠক
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২০ | ০৭:২২ | আপডেট: ২১ মে ২০২০ | ০৮:২৬

করোনা পরিস্থির মাঝে পুনরায় বিমান চলাচলের বিষয়ে বৃহস্পতিবার আলোচনা করেছেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিভিল এভিয়েশন খাতের শীর্ষ ব্যক্তিরা।

এদিন সকাল ৮টা থেকে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টাব্যাপী অনলাইনে এই সভায় করোনা পরিস্থিতিতে নেওয়া পদক্ষেপ, মোকাবিলা পদ্ধতি, পরিস্থিতির উত্তরণসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয় বলে বাংলাশে বেসামরিক বিমান চলাচল  (বেবিচক) কর্তৃপক্ষ জানিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অন্তর্ভুক্ত ‘কোলাবেরেটিভ অ্যারেজমেন্ট ফর প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট অব পাবলিক হেলথ ইভেন্ট ইন সিভিল এভিয়েশন (সিএপিএস সিএ)’ এর এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক অফিস ব্যাংককের সার্বিক ব্যবস্থাপনায় এই ভিডিও সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমানে বিশ্বে উদ্ভূত মহামারি করোনাভাইরাসের কবল হতে বিশ্ব কীভাবে উত্তরণ ঘটাতে পারে এবং করোনা পরবর্তী অবস্থা কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়েও গুরুত্বসহকারে আলোচনা হয়।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে সুচনা বক্তব্য দেন, আইকাও-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক অরুণ মিশ্র। এরপর সিএপিএসসিএ-এর বর্তমান চেয়ারপারসন ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান উদ্বোধনী বক্তব্য দেন। এ কনফারেন্সের শুরুতেই মহামারী করোনায় মৃত্যুবরণকারীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় সিএপিএসসিএ-এর চেয়ারপারসন মফিদুর রহমান এই কনফারেন্সে অংশগ্রহণকারী ২৩টি সদস্য রাষ্ট্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইকাও এবং সিএপিএসসিএ’র সহযোগী সংস্থাগুলোর  ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে করোনা মহামারি পরিস্থিতি হতে উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং দিক নির্দেশনার কথা উল্লেখ করে সাম্প্রতিক সময়ে গৃহীত সব ধরনের পদক্ষেপ বিস্তারিত বিবরণ তুলে ধরেন তিনি। একই সঙ্গে সিএপিএসসিএ এর সব সদস্য দেশকে সম্মিলিতভাবে করোনার এ দুর্যোগময় পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করার জন্য সর্বাত্মক পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। এছাড়াও করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আইকাও কী নির্দেশনা দেই সেই মোতাবেক সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় আইকাও এভিয়েশন মেডিসিন সেকশনের প্রধান এবং সিএপিএসসিএ এর গ্লোবাল প্রোগ্রাম ম্যানেজার ডা. আনসা জর্ডান আইকাও এর সদর ফতর থেকে বক্তব্য প্রাদান করেন। তিনি আইকাও প্রদত্ত পাবিলিক  হেলথ করিডোর কনসেপ্ট নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

এভিয়েশন সেবা প্রদানকারী সবার স্বাস্থ্য রক্ষা করে কীভাবে যাত্রীদের স্বাস্থ্যসম্মত সেবা প্রদান করা যায়, সে ব্যাপারে আলোচনা করেন।

সভায় বাংলাদেশ থেকে সিএপিএসসিএ এর কো-চেয়ারপারসন এবং সিএএবি’র এভিয়েশন পাবলিক হেলথ ইন্সপেক্টর বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আব্দুর রব মিয়া,  বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর খালিদ হোসেন, সদস্য (নিরাপত্তা) শহীদুজ্জামান ফারুকী, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী জিয়াউল কবীর, পরিচালক (ফ্লাইট স্ট্যান্ডার্ড, রেগুলেশন্স এন্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) গ্রুপ ক্যাপ্টেন ইমরানুর রহমান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান, বিমানবন্দরের  স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ প্রমুখ যুক্ত ছিলেন।

আরও পড়ুন

×