ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

১ জুন অভ্যন্তরীণ ৩ রুটে ফ্লাইট চালু, ৭০ ভাগ যাত্রী বহনের অনুমতি

১ জুন অভ্যন্তরীণ ৩ রুটে ফ্লাইট চালু, ৭০ ভাগ যাত্রী বহনের অনুমতি
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২০ | ০১:৫২ | আপডেট: ২৯ মে ২০২০ | ০১:৫৪

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পর ১ জুন ঢাকা থেকে স্বল্প পরিসরে ৩টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হচ্ছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম. মফিদুর রহমান সমকালকে বলেন, সরকারের নির্দেশে অভ্যন্তরীণ তিন রুটে ফ্লাইট পরিচালনার জন্য এয়ারলাইন্সগুলোকে অনুমতি দেওয়া হয়েছে। রুটগুলো হচ্ছে-  ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-সৈয়দপুর। স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি ফ্লাইটে ৭০ ভাগ যাত্রী বহন করতে পারবে এয়ারলাইন্সগুলো।

তিনি বলেন, পর্যায়ক্রমে অভ্যন্তরীণ অন্যান্য রুটেও  ফ্লাইট চালু করা হবে। এ বিষয়ে প্রস্তুতি চলছে।

বেবিচকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের নির্দেশে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দীর্ঘ দুই মাস পর গত বৃহস্পতিবার সরকারের নির্দেশে এই নিষেধাজ্ঞা বাতিল করে ১ জুন থেকে স্বল্প পরিসরে ৩টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে অনুমতি দেওয়া হয়।

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংস্থার ব্যবস্থাপনা পরিচালক এমডি মো. মোকাব্বির হোসেন সমকালকে বলেন, মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত ২৫ মার্চ থেকে বন্ধ অভ্যন্তরীণ রুটে ফ্লাইট। তবে সরকারের নির্দেশে ১ জুন ঢাকা থেকে ৩টি অভ্যন্তরীণ রুটে স্বল্প পরিসরে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল  কর্তৃপক্ষ। তবে স্বাস্থ্যবিধি মেনে ৭০ ভাগ যাত্রী পরিবহন করতে পারবে এয়ারলাইন্সগুলো।

আরও পড়ুন

×