দুই তরুণের আন্তর্জাতিক স্বীকৃতি
যুক্তরাষ্ট্রে গবেষণায় পাবনার দীপের অনন্য সাফল্য
শেহেরিন সাঈদ দীপ
পাবনা অফিস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ১৫:১০ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ | ১৫:৩৯
যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের গবেষক পাবনার সন্তান শেহেরিন সাঈদ দীপ দিমিত্রিস এন কোরাফাস ফাউন্ডেশন পুরস্কার ২০১৮ পেয়েছেন। তার এ কৃতিত্বপূর্ণ অর্জনে পাবনার বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে।
বিশ্বজুড়ে প্রতিবছর ৩০ জনকে প্রকৌশল বিজ্ঞান, চিকিৎসা এবং প্রাকৃতিক বিজ্ঞানে নির্বাচিত বিষয় নিয়ে গবেষণার ক্ষেত্রে এ সম্মানে ভূষিত করা হয়। ২০১৮ সালে পুরস্কারে ভূষিত ৩০ জনের মধ্যে তিনজন ছিলেন যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়ের গবেষক। এর মধ্যে পদার্থবিজ্ঞানে অসামান্য অবদান রাখার জন্য পারডু বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট শিক্ষার্থী গবেষক দীপ পুরস্কারের জন্য নির্বাচিত হন। এ পুরস্কারের অর্থমূল্য পাঁচ হাজার ডলার।
দীপ পাবনা শহরের রাধানগর মজুমদারপাড়ার মুক্তিযোদ্ধা সাঈদ আক্তার ও আসমা মেহেজেবীনের দ্বিতীয় সন্তান। পাবনা থেকে টেলিফোনে যোগাযোগ করা হলে দীপ সমকালকে জানান, একটি জেনারেটাইস থিওরি উন্নত করার ক্ষেত্রে তিনি কাজ করেছেন, যা স্পিনট্রনিক্স মেটেরিয়ালের বিভিন্ন ধরনের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। তার বর্তমান গবেষণাও স্পিনট্রনিক্স নিয়ে। তিনি আরও জানান, ন্যানো টেকনোলজি এবং মাইক্রো ইলেকট্রনিক্সকে উন্নত করতে গবেষণা কাজে মনোনিবেশ করেছেন তিনি। তিনি আরও বলেন, 'এ সম্মানজনক পুরস্কার পেয়ে আমি খুব খুশি ও উৎসাহিত হয়েছি। আমি অধ্যাপক সুপ্রিয় দত্তের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, যিনি গবেষক দলের এ গতিশীল ক্ষেত্রে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন।' দীপের এ কৃতিত্বপূর্ণ অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, সহসভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিৎ নাগ, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ, পাবনা চেম্বারের পরিচালক ও ক্যাব সভাপতি এবিএম ফজলুর রহমান, ক্যাবের সাধারণ সম্পাদক দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম, পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতির সাধারণ সম্পদক সৈকত আফরোজ আসাদ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা প্রমুখ।