ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক: তিন সংগঠন

বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক: তিন সংগঠন
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২০ | ০৪:৪১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব ধরনের বাস-মিনিবাসে আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহনের কথা বলে ৮০ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাবকে সম্পূর্ণ অযৌক্তিক আখ্যা দিয়ে এর বিরুদ্ধে  নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তিন সংগঠন।  

শনিবার এক যৌথ বিবৃতিতে গ্রিন ক্লাব অব বাংলাদেশের (জিসিসি) সভাপতি  নুরুর রহমান সেলিম; নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া এবং শিপিং এ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) সভাপতি আশীষ কুমার দে এই প্রতিবাদ জানিয়েছেন।

তারা বলেন, বাস মালিকরা ভাড়া বাড়ানোর কৌশল হিসেবে সরকারের প্রস্তাব অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। কিন্তু ভাড়া বৃদ্ধির গেজেট প্রকাশের পরই মালিকরা এই শর্ত বেমালুম ভুলে যাবেন। এছাড়া নগর পরিবহন বাসে তো এ নিয়ম মানাই হবে না।

বিবৃতিতে অতীতে বিভিন্ন সময়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসভাড়া বৃদ্ধির পর তেলের দাম কমলেও ভাড়া কখনও কমানো হয়নি বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে গণপরিবহন সংকট নিরসন ও বেসরকারি বাসমালিক ও শ্রমিকদের অর্থনৈতিক নিপীড়ন থেকে সাধারণ জনগণকে রক্ষার জন্য সারাদেশে বিআরটিসির সেবার পরিধি ও মান বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি।


আরও পড়ুন

×