ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

এসএসসি ও সমমানের ফল জানা যাচ্ছে যেভাবে

এসএসসি ও সমমানের ফল জানা যাচ্ছে যেভাবে
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২০ | ০১:৩৪ | আপডেট: ৩১ মে ২০২০ | ০১:৩৬

এ বছরের ‘সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট’ (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে রোববার। এবার এই পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৯৮৯ জন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষার্থীদের এবার স্কুলে গিয়ে ফল জানার সুযোগ নেই। আগে থেকে মুঠোফোনের মাধ্যমে প্রাক নিবন্ধন করা সারাদেশের ১৩ লাখ ২৩ হাজার ৭২৬ জন শিক্ষার্থী স্বয়ংক্রিয়ভাবে শিক্ষাবোর্ডের সার্ভার থেকে এসএমএসের মাধ্যমে ফল জেনে যাচ্ছে। এছাড়া তাৎক্ষণিক নিজেদের মুঠোফোন থেকে এসএমএস এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়েও ফল জানা যাচ্ছে।

এসএমএসের মাধ্যমে এসএসসির ফল পেতে SSC স্পেস, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস, রোল নম্বর স্পেস, পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

রোববার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএসসির ফল ঘোষণা করেন। এরপর সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয় থেকে ফেসবুক লাইভের মাধ্যমে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ১০ লাখ ২২ হাজার ৩৩৬ জন ছাত্র ও ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন ছাত্রী। এবার ২৮ হাজার ৮৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৫১২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

গত ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষা। সেই হিসেবে মে মাসের প্রথম সপ্তাহেই ফল প্রকাশের কথা থাকলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা সম্ভব হয়নি। তারপরও বিশেষ ব্যবস্থায় ডাকযোগে ওএমআর শিট এনে মে মাসেই ফল প্রকাশ করছে শিক্ষা বোর্ডগুলো।

আরও পড়ুন

×