নাঈম হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ০৪:২০
চাঁপাইনবাবগঞ্জে নাইম হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী এই রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন-জেলার শিবগঞ্জ উপজেলার বারিউল ইসলাম, তোফিকুল ইসলাম, শফিকুল আলম, সেরাজুল ইসলাম ফিটু, মো. মহাজন ও জেনারুল ইসলাম। এদের মধ্যে সাজাপ্রাপ্ত আসামি জেনারুল পলাতক।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, শিবগঞ্জ উপজেলার কাগমারী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নাঈম রাজমিস্ত্রির যোগানদার হিসেবে কাজ করতেন। ২০০৭ সালের ৮ অক্টোবর নাঈম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরের দিন দুপুরে এলাকার একটি আমবাগানে নাঈমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
পূর্ব শত্রুতার জেরে কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে এমন ধারণায় নাইমের মা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা সিআইডি’র এসআই সেকেন্দার আলী ২০০৮ সালের ৪ সেপ্টেম্বর আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ সাক্ষ্য প্রমাণাদি শেষে সোমবার আদালত ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি শহিদুল ইসলাম, সাইদুর রহমান, আহসান হাবিব, দবির উদ্দিন, আসাদুল হক, জিয়াউল হক ও আজিজুল হককে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
- বিষয় :
- আদালত
- হত্যা মামলা
- চাঁপাইনবাবগঞ্জ
- যাবজ্জীবন