ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

উপাচার্যের অপসারণ দাবি

জাবিতে ধর্মঘট-বিক্ষোভে কার্যক্রম ব্যাহত

জাবিতে ধর্মঘট-বিক্ষোভে কার্যক্রম ব্যাহত
×

ফাইল ছবি

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ১০:১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। সোমবারও কর্মসূচি পালিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়েছে।

মঙ্গলবার সর্বাত্মক ধর্মঘট ও অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তবে ধর্মঘটের মধ্যেই কয়েকটি বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে অচলাবস্থার প্রতিবাদে ইতিহাস বিভাগের অধ্যাপক আরিফা সুলতানা সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়েছেন। এ দিন সকাল ৮টা থেকে 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে এ ধর্মঘট শুরু হয়। ফলে অধিকাংশ বিভাগে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের দুটি প্রশাসনিক ভবন অবরুদ্ধ থাকায় কর্মকর্তা-কর্মচারীরা তাদের কার্যালয়ে ঢুকতে পারেননি। উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রারসহ শীর্ষ কর্মকর্তারাও কেউই তাদের কার্যালয়ে যাননি।

কয়েকটি বিভাগে উপাচার্যপন্থি শিক্ষকরা ক্লাস-পরীক্ষা নিয়েছেন। কলা ও মানবিকী অনুষদে উপাচার্যপন্থি কিছু শিক্ষকের নেতৃত্বে শিক্ষার্থীরা জোর করে ঢুকতে গেলে ধাক্কা লেগে দু'জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে একাডেমিক ও প্রশাসনিক ভবনের গেট ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সামনে 'উপার্চায অপসারণ মঞ্চে' অবস্থান নিয়ে দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

বিকেল সাড়ে ৩টায় পুরোনো প্রশাসনিক ভবনের সামনে থেকে দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে সমাবেশে মিলিত হয়। এরপর মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন। পরে মিছিলটি ট্রান্সপোর্ট চত্বর হয়ে পুরোনো প্রশাসনিক ভবনের সামনে 'উপাচার্য অপসারণ মঞ্চে' গিয়ে শেষ হয়। সেখানেও সমাবেশ করেন আন্দোলনকারীরা।

সমাবেশ থেকে মঙ্গলবার সর্বাত্মক ধর্মঘট এবং অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার নতুন ঘোষণা দেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস। জাবি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুদীপ্ত দের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক।

তিনি অভিযোগ করে বলেন, প্রশাসন থেকে নানা অপচেষ্টার মাধ্যমে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে। উপাচার্য অপসারণ না হওয়া আন্দোলন চলবে।

এদিকে ধর্মঘট ও অবরোধ কর্মসূচি বন্ধে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে উপাচার্যপন্থি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সম্মিলিত সংগঠন 'অন্যায়ের বিপক্ষে ও উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর' এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

ধর্মঘটে ক্লাস-পরীক্ষা না হওয়ার বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাকে ফোন করলে তার ব্যক্তিগত সচিব সানোয়ার হোসেন জানান, উপাচার্য ঢাকায় একটি মিটিংয়ে আছেন। তবে প্রক্টর আ. স. ম ফিরোজ উল হাসান বলেন, ক্লাস-পরীক্ষায় তেমন বিঘ্ন ঘটার খবর পাইনি। শুরুতে আন্দোলনকারীরা কয়েকটি ভবনে বাধা সৃষ্টি করলেও এখন শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

×