করোনা: স্বাস্থ্য সচিব ও ডিজিকে লিগ্যাল নোটিশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৫:১৪ | আপডেট: ০৫ জুন ২০২০ | ০৫:৩২
দেশের সকল হাসপাতাল ও ক্লিনিকে কোভিড বা নন কোভিড রোগীদের চিকিৎসা সেবা দিতে সরকারের দেয়া নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করতে স্বাস্ব্য সচিব ও মহাপরিচালককে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ লিগ্যল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট্র-ব্লাষ্ট।
বৃহস্পতিবার সরকারি ডাকযোগে সংশ্লিষ্ঠদের কাছে এ নোটিশ পাঠানো হয়েছে।
এই লিগ্যাল নোটিশ পাঠানোর মাধ্যমে যে সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সমূহ রোগীদের চিকিৎসা সেবা প্রদান না করার মাধ্যমে এবং কোভিড-১৯ এ আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে এমন রোগীদের কোভিড-১৯ পরীক্ষা ও চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতাল সমূহে স্থানান্তরের ক্ষেত্রে সহায়তা করছে না তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ব্লাষ্ট।
এছাড়াও সরকারের ওই নির্দেশনাসমূহ এবং কোভিড-১৯ এর পরীক্ষা ও চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতাল সমূহের তালিকা প্রজ্ঞাপন জারির মাধ্যমে, গণমাধ্যমে প্রচার করা এবং বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন বা সংগঠনের মাধ্যমে জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রচার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
হাসপাতালে ভর্তি করোনারোগীদের চিকিৎসা দেয়ার বিষয়ে গত ১১ ও ২৪ মে সরকারের দেওয়া নির্দেশনা সমূহ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
ব্লাষ্ট জানিয়েছে, সংবিধান অনুযায়ী চিকিৎসা সেবা পাওয়া একজন নাগরিকের মৌলিক অধিকার। সেটা সুস্পষ্ট লংঘন বিধায় আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ব্যারিস্টার রাশনা ইমাম ব্লাস্টের পক্ষ থেকে এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন। অন্যথায় উচ্চ আদালতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।