করোনায় আক্রান্ত রাবি শিক্ষক
প্রতীকী ছবি
রাবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৬:০৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের একজন সহযোগী অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি রাবি পশ্চিমপাড়ার শিক্ষকদের আবাসিক একটি কোয়ার্টারে থাকেন। বর্তমানে ওই শিক্ষক তার বাসায় আইসোলেশনে আছেন।
শুক্রবার বিকেলে এ সব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।
প্রক্টর বলেন, ওই শিক্ষকের হার্টের চিকিৎসার রাজধানীর বারডেম হাসপাতালে যান। সেখানে ডাক্তাররা তার করোনা পরীক্ষা করাতে বলেন। গত ৩জুন তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি ক্যাম্পাসের বাসায় আইসোলেশনে রয়েছেন।
তিনি জানান, রাজশাহীর সিভিল সার্জন ও সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
গত বৃহস্পতিবার রাতে ওই শিক্ষক ব্যক্তিগত গাড়িতে রাজশাহীতে আসেন। তার শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না বলেও জানান প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।