গণরুম সমস্যার সমাধান চেয়ে ঢাবি উপাচার্য ভবনের সামনে অবস্থান
ছবি সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০২:৩৫ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ | ০২:৩৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম সমস্যার সমাধানের দাবিতে ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন গণরুমের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সেখানে অবস্থান নেন তারা।
এর আগে গত ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণরুমের শিক্ষার্থীদের নিয়ে উপাচার্যের বাসভবনে ওঠার ঘোষণা দেন সৈকত।
সকালে শিক্ষার্থীদের নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে তার বাসভবনে ঢুকতে চাইলে প্রক্টোরিয়াল বডি তাকে বাধা দেয়। এরপর উপাচার্য বাসভবনের সামনে গণরুমের শিক্ষার্থীদের নিয়ে বসে পড়েন তিনি।
সৈকক বলেন, ২৮ বছর পর ডাকসু নির্বাচন হওয়াতে শিক্ষার্থীদের মনে আশা জেগেছিল। তারা ভেবেছিল বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণরুম সমস্যাসহ আবাসন সংকট নিরসন হবে। কিন্তু সেটা না করতে পেরে ১ সেপ্টেম্বর তিনি গণরুমে ওঠেন। এরপর তিনি উপাচার্যকে একটি স্মারকলিপি দেন যেখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি স্বল্পমেয়াদী কিছু প্রস্তাবনা দেওয়া হয়।
গণরুম সমস্যা সমাধানে প্রশাসনের কোনো সদিচ্ছা নেই উল্লেখ করে তিনি বলেন, সন্তান ঠিকমতো ঘুমাতে পারছে না। অথচ অভিভাবক কেন প্রাসাদে ঘুমাবে কেন তারা জানতে চান।
শিক্ষার্থীদের পড়াশোনার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে সৈকত বলেন, গত রোববার উপাচার্য গণরুমে এসে আশ্বাস দিয়েছেন। কিন্তু আমরা শুধু আশ্বাস শুনে আন্দোলন স্থগিত করতে চাই না। এর দৃশ্যমান সমাধান চাই।
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- গণরুম সমস্যা