ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়া থেকে শুরু হচ্ছে প্রবাসী ভোটার কার্যক্রম

মালয়েশিয়া থেকে শুরু হচ্ছে প্রবাসী ভোটার কার্যক্রম
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৯:২৭

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের ভোটার করার মধ্য দিয়ে শুরু হচ্ছে দীর্ঘদিনের প্রবাসীদের ভোটার করার কাঙ্ক্ষিত নতুন এই পদ্ধতি।

আগামী ৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোটার নিবন্ধনের এ কাজ উদ্বোধন করবেন। অন্য প্রান্তে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ার পুত্রাজায়ায় বাংলাদেশ দূতাবাসে উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ইসির পক্ষ থেকে সরাসরি সিঙ্গাপুর গিয়ে প্রবাসীদের ভোটার কার্যক্রম শুরুর পরিকল্পনা নিয়েছিল। কয়েকদফা চিঠি চালাচালির পরেও সিঙ্গাপুর সরকারের কাছ থেকে যথাসময়ে অনুমতি মেলেনি। পরে মালয়েশিয়া থেকে এই কার্যক্রম শুরুর প্রস্তুতি নেয় ইসি।

ইসি সচিবালয় সূত্র জানায়, প্রবাসী বাংলাদেশিরা একটি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করতে পারবেন। ওয়েবসাইটটির ঠিকানা-services.nidw.gov.bd। আবেদনের পর তা কেন্দ্রীয়ভাবে যাচাই করবে ইসি। যাচাই-বাছাই শেষে ইসির কর্মকর্তারা সংশ্নিষ্ট দেশে গিয়ে যোগ্য ও সঠিক আবেদনকারীদের ছবি তোলাসহ ফিঙ্গারপ্রিন্ট ও চোখের মনির ছাপ (আইরিশ) গ্রহণ করবেন।

ইসি সচিবালয় সূত্র জানিয়েছে, মালয়েশিয়া ছাড়াও যুক্তরাজ্য, দুবাই ও সৌদি আরবের প্রবাসীরা এই সুযোগ পাবেন। পরে পর্যায়ক্রম অন্যান্য দেশে অবস্থানরত বাংলাদেশিদেরও ভোটার করা হবে। এ জন্য ইতোমধ্যে ভোটার তালিকা বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। এতে বলা হয়েছে, বিদেশে বসবাসরতরা সেই দেশে ইসির স্থাপিত নিবন্ধন কেন্দ্রে গিয়ে কিংবা অনলাইনে ভোটার হওয়ার আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে ওই ব্যক্তি সর্বশেষ যে এলাকায় বসবাস করেছেন বা নিজের অথবা বাবার বাড়ির ঠিকানায় ভোটার হওয়ার জন্য আবেদন করতে হবে। প্রবাসীদের অনলাইনে ফরম পূরণের ক্ষেত্রে পিতার নাম ও মাতার নাম ইংরেজি ও বাংলায়, বসবাসরত দেশের নাম, জিপ কোড, বাসা ও হোল্ডিং নম্বর, স্টেট বা প্রদেশ, ফোন নম্বর, শনাক্তকারী ব্যক্তির নামসহ আট ধরনের তথ্য অতিরিক্ত দিতে হবে। পাশাপাশি বাংলাদেশের পাসপোর্ট নম্বর উল্লেখ করতে হবে।

পরবর্তী সময়ে তার আবেদন ওই এলাকার উপজেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে তদন্তের পর দশ আঙুলের ছাপ, চোখের আইরিশের প্রতিচ্ছবি ও ভোটারের ছবি তুলে এনআইডি সরবরাহ করা হবে। এর আগের নিবন্ধন কেন্দ্রে ও ইসির ওয়েবসাইটে দাবি-আপত্তির জন্য তালিকা দেওয়া হবে। এ সময়ের মধ্যে কোনো ভুল থাকলে তা সংশোধন করা যাবে।

এ বিষয়ে ইসি সচিবালয়ের যুগ্ম সচিব ও এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) আবদুল বাতেন বলেন, অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রবাসীদের ভোটার করার পদক্ষেপ নেওয়া হয়েছে। মালয়েশিয়ার পর পর্যায়ক্রমে অন্যান্য দেশে এটা চালু করা হবে। এ ক্ষেত্রে সংশ্নিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাস ইসিকে সহযোগিতা করবে।

আব্দুল বাতেন আরও জানান, সিঙ্গাপুর সরকার প্রথমে অনুমতি না দিলেও তারা এখন সম্মতি দিয়েছে। তবে এ মুহূর্তে মালয়েশিয়া থেকে কার্যক্রম শুরু হচ্ছে। ভবিষ্যতে সিঙ্গাপুরেও একই কার্যক্রম চলবে।

আরও পড়ুন

×