দুর্নীতির মামলায় দণ্ডিত এমপি হারুনের জামিন
হারুনুর রশীদ- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৯:৩৮
শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি বিক্রির ঘটনায় মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে।
মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে এই আবেদন করা হয়। পরে আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে বুধবার দিন ধার্য করা হয়েছে।
আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান এ দিন ধার্য করেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান।গত ২১ অক্টোবর হারুনুর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম। পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে ওই রায়ের বিরুদ্ধে ২৮ অক্টোবর তিনি হাইকোর্টে আপিল করেন। একই সঙ্গে জামিন চেয়েও আবেদন দায়ের করা হয়। এর পর আবেদনটির শুনানি নিয়ে হারুনুর রশীদকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে মঙ্গলবার দুদকের পক্ষে আপিল বিভাগে আবেদন করা হয়।
মামলার বিবরণে জানা যায়, সংসদ সদস্য থাকাবস্থায় শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রির ঘটনায় হারুনুর রশীদসহ তিনজনের বিরুদ্ধে ২০০৭ সালের ১৭ মার্চ রাজধানীর তেজগাঁও থানায় মামলা করা হয়। মামলার বাদী হলেন- পুলিশের উপপরিদর্শক ইউনুস আলী। মামলাটি তদন্ত করে হারুনুর রশীদসহ তিনজনের বিরুদ্ধে ওই বছরের ১৮ জুলাই আদালতে চার্জশিট দেন দুদকের সহকারী পরিচালক মোনায়েম হোসেন। পরে আদালত অভিযোগপত্র আমলে নিয়ে হারুনসহ তিনজনের বিরুদ্ধে একই বছরের ২০ আগস্ট বিচার শুরু করেন। যার ধারাবাহিকতায় গত ২১ অক্টোবর হারুনুর রশীদকে পাঁচ বছরের দণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত।
এ মামলায় আরও দু'জনকে সাজা দেওয়া হয়েছে। তারা হলেন ব্যবসায়ী এনায়েতুর রহমান বাপ্পী ও গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেক।
- বিষয় :
- হারুনুর রশীদ
- জামিন