ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষক নিয়োগ

ইবি ছাত্রলীগ নেতার অডিও ফাঁস, প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

ইবি ছাত্রলীগ নেতার অডিও ফাঁস, প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন
×

মানববন্ধনে শিক্ষার্থীরা- সমকাল

ইবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ১১:২২

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের একটি অডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে তিনি এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে শিক্ষক নিয়োগ এবং হাইকোর্টের রায় টাকার বিনিময়ে কেনার বিষয়ে বিভিন্ন কথা বলেন। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। 

এ ছাড়া বুধবার দুপুর সাড়ে ১২টায় মানববন্ধন করেছেন আইন অনুষদের শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগ নেতা রাকিবের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা।

জানা যায়, ২৯ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে একটি ফেসবুক আইডি থেকে ২ মিনিট ১৭ সেকেন্ডের ওই অডিও ক্লিপ ভাইরাল হয়। এতে ছাত্রলীগ নেতা সম্পাদক রাকিব এক ব্যক্তির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, আইন বিভাগ ও গণিত বিভাগের শিক্ষক নিয়োগ প্রসঙ্গে কথোপকথন করেন। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি বলেন, 'ফিন্যান্সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছেলে আবেদন করেছে। আইন বিভাগে একটা সার্কুলার হয়ে রয়েছে। আর গণিত বিভাগে সাইফুলের স্ত্রীর (ইবি ছাত্রলীগের সাবেক সভাপতি) ব্যাপারটা কনফার্ম করতে হবে। এ সময় রাকিব বলেন, সে ব্যাপারটা হবে। কিন্তু অনেক টাকা লাগবে। হাইকোর্টে একটা রিট করতে হবে, করে রায় কিনে আনতে হবে। হাইকোর্টের এমন এমন জায়গায় এমন এমন লাইন। আপনি যেভাবে চাইবেন সেভাবে রায় দেবে। শুধু টাকা লাগবে। এই পথে আমি অনেক আগে থেকে হাঁটছি তো। রায়মায় সব কেনা যায়।'

তখন অজ্ঞাত ব্যক্তিটি বলেন, 'আমি তোমাকে এক ছেলের নাম-ঠিকানা মেসেঞ্জারে পাঠাচ্ছি। তুমি কীভাবে করাবা সেটা তোমার বিষয়। তুমি সেন্ট্রাল ছাত্রলীগ দিয়ে করাবা না শিক্ষকদের দিয়ে করাবা সে তোমার ব্যাপার।'

অডিওটি ভাইরাল হওয়ার পর রাত সাড়ে ৮টায় বিক্ষোভ মিছিল বের করেন ইবি ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। মিছিলটি জিয়া হল মোড় থেকে শুরু হয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যালের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা বলেন, হাইকোর্টের রায় কেনা যায় বলে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছে রাকিব। এ কথায় হাইকোর্ট অবমাননা করেছে সে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এদিকে বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা। এ সময় তারা রাকিবের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ছাত্রলীগ নেতা রাকিব সাংবাদিকদের বলেন, 'অডিওটি আমার নয়। আমি অডিওটি শুনিনি। এ বিষয়ে আমি কিছু জানি না।'

আরও পড়ুন

×