ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে ক্রেন দুর্ঘটনা

সাড়ে তিন কোটি টাকা ক্ষতিপূরণ পেল বাংলাদেশি ৩ পরিবার

সাড়ে তিন কোটি টাকা ক্ষতিপূরণ পেল বাংলাদেশি ৩ পরিবার
×

তিন পরিবারের কাছে সৌদি সরকারের দেওয়া ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মোমেন। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৩:৪৩ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ | ০৩:৫২

২০১৫ সালে সৌদি আরবের মক্কায় ক্রেন উল্টে বাংলাদেশি এক ব্যক্তি নিহত ও অপর দুই ব্যক্তি আহত হওয়ার ঘটনায় তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে সৌদি সরকার।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের ওই তিন পরিবারের কাছে সৌদি সরকারের দেওয়া ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মোমেন। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও সচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।

নিহত মোহাম্মদ আবুল কাশেম সুফির পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়েছে দুই কোটি ২৬ লাখ টাকা। এছাড়া আহত সরদার আব্দুর রব ও মোহাম্মদ নাজিম উদ্দিনের পরিবার পেয়েছে এক কোটি ১৩ লাখ টাকা করে।

২০১৫ সালের ১১ সেপ্টেম্বর মক্কায় মসজিদ আল-হারামের সম্প্রসারণ কাজের জন্য রাখা একটি ক্রেন উল্টে ১১১ জন নিহত ও ২৩৮ জন আহত হন। হতাহতদের মধ্যে অন্তত ৪০ জন বাংলাদেশি ছিলেন। দুর্ঘটনার পর সৌদি সরকার হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়।

ক্ষতিপূরণ দেওয়ায় সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রীন বলেন, দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্কের কারণেই এটি সম্ভব হয়েছে।

আরও পড়ুন

×