ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকট নিয়ে আমরা উদ্বিগ্ন: ডি-৮ মহাসচিব

রোহিঙ্গা সংকট নিয়ে আমরা উদ্বিগ্ন: ডি-৮ মহাসচিব
×

ফাইল ছবি

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৯:৪৫ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ | ০৯:৫৩

রোহিঙ্গাদের নিয়ে কোনো অবস্থান নেই, তবে এ নিয়ে উদ্বেগ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত উন্নয়নশীল আটটি মুসলিম দেশের জোট ডি-৮-এর মহাসচিব কুজাফর কুশারি। 

তিনি আরও জানান, আগামী বছর বাংলাদেশে ডি-৮ সম্মেলন হবে। ঢাকা সফরের ফাঁকে বৃহস্পতিবার ডিক্যাব টকে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব এ অনুষ্ঠানের আয়োজন করে।

রোহিঙ্গা সংকট সম্পর্কে একাধিক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডি-৮ একটি অর্থনৈতিক জোট। এ কারণে রোহিঙ্গা সংকট নিয়ে এ জোটের কোনো অবস্থান নেই। কিন্তু এই মানবিক সংকটে আমরা অবশ্যই উদ্বিগ্ন। রোহিঙ্গা সংকট এই মুহূর্তে বিশ্বের সামনে একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতি। একে উপেক্ষার সুযোগ নেই।

আগামী ডি-৮ সম্মেলন ঢাকায় হবে জানিয়ে কুজাফর কুশারি জানান, আসন্ন সম্মেলনে ডি-৮কে গতিশীল করতে অভিবাসী শ্রমিকদের রেমিট্যান্স ট্রান্সফার ও দালালমুক্ত করতে কার্যকর পদক্ষেপ, সদস্য রাষ্ট্রগুলোর ব্যবসায়ীদের মধ্যে অর্থের পাশাপাশি বিনিময় প্রথা চালু, নাগরিকদের বিমানবন্দরে বিশেষ সুবিধা, ইসলামিক অফশোর ব্যাংকিং, ডি-৮-এর জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল, ব্যবসায়ীদের জন্য স্থানীয় মুদ্রায় লেনদেনে ডি-৮ পেমেন্ট কার্ডসহ বিভিন্ন বিষয় স্থান পাবে। আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত ও প্রস্তাব আসতে পারে বলেও জানান তিনি।

অভিবাসী শ্রমিকদের নানা সংকট নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি প্ল্যাটফর্ম তৈরির উদ্যেগ নিয়ে আলোচনা হচ্ছে, যাতে অভিবাসী শ্রমিকদের কিছু সমস্যা লাঘব করা যায়। বিশেষ করে মধ্যস্বত্বভোগী ছাড়াই যাতে সহজে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো যায় তা নিশ্চিতের চেষ্টা চলছে। এ ছাড়া ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ভিসামুক্ত প্রবেশাধিকারের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

ডি-৮ অর্থনৈতিক সহযোগিতা জোটের সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে- বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মিসর, নাইজেরিয়া, তুরস্ক ও পাকিস্তান।

রাজধানীর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত 'ডিক্যাব টক' সঞ্চালনা করেন ডিক্যাব সভাপতি রাহীদ এজাজ। এতে স্বাগত বক্তব্য দেন ডিক্যাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব।

আরও পড়ুন

×