ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

উত্তাল আহসানউল্লা বিশ্ববিদ্যালয়, পদত্যাগ উপাচার্যের

উত্তাল আহসানউল্লা বিশ্ববিদ্যালয়, পদত্যাগ উপাচার্যের
×

আন্দোলনরত শিক্ষার্থীরা -সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ১০:১২ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ | ১৩:৫০

আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উপাচার্যের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বন্ধ হয়ে গেছে সব ক্লাস-পরীক্ষা। ২ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রথম বর্ষে ভর্তি পরীক্ষাও অনির্দিষ্টকালের জন্য আটকে গেছে। শিক্ষার্থীদের দেওয়া তালা ঝুলছে বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর, ক্লাসরুম ও ক্যান্টিনে। এদিকে, শিক্ষার্থীদের আন্দোলন আর দাবির মুখে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী শরিফুল আলম।

তিন দিন ধরে আন্দোলন চলছে বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের অভিযোগ, রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া উপাচার্য নিযুক্ত ছিলেন এ বিশ্ববিদ্যালয়ে। এজন্য গত ২৭ অক্টোবর ১১তম সমাবর্তনের সব আয়োজন করেও সরকারপক্ষের সাড়া না পেয়ে সমাবর্তন স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র-ছাত্রীদের অভিযোগ- নামে বিশ্ববিদ্যালয় হলেও এখানে উন্মুক্ত বিদ্যাচর্চার সুযোগ নেই। কো-কারিকুলাম অ্যাকটিভিটি নেই, সাংস্কৃতিক চর্চা নেই। শিক্ষার্থীরা কোন উদ্যোগ নিলেও প্রশাসনের সহায়তা মেলে না।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, সম্প্রতি চাকরিচ্যুত ১০ শিক্ষককে স্বপদে বহাল, ক্লিয়ারেন্স ফি বাতিল, শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অর্থের হিসাব প্রকাশ এবং অরাজনৈতিক ছাত্র সংগঠনসহ সাংস্কৃতিক ক্লাব ও অ্যালামনাই অ্যাসোসিয়ে়শন গঠনের অনুমতি। 

এসব দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী শরিফুল আলম পদত্যাগ করেছেন। নিয়মিত উপাচার্য যোগদান না করা পর্যন্ত ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. আমানউল্লাহকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।  নিয়মিত উপাচার্য যোগদানের পর ছাত্র-ছাত্রীদের দাবি বিবেচনার কথা বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে আন্দোলনরত শিক্ষার্থীদের সহযোগিতার আহ্বানও করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন

×