ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রেলের জমি উদ্ধারে অভিযান

চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে সাড়ে ৬শ' অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে সাড়ে ৬শ' অবৈধ স্থাপনা উচ্ছেদ
×

নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে- সমকাল

চট্টগ্রাম ব্যুরো ও নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ১১:০৪

চট্টগ্রামে নিজেদের জমি থেকে প্রায় ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে। বৃহস্পতিবার রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর চট্টগ্রামের সিআরবি ও পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। অন্যদিকে একই দিন রেলপথ অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভকে উপেক্ষা করে নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে। নগরের ২ নম্বর রেলগেট সংলগ্ন রেলওয়ে মার্কেটে এলাকায় চালানো এই অভিযানে সাড়ে ৪০০ দোকান ভেঙে দেওয়া হয়।

চট্টগ্রামের অভিযানে সিআরবি সংলগ্ন কদমতলী এলাকা থেকে প্রায় ১২০টি ঝুপড়িঘর এবং পাহাড়তলীর জামে মসজিদের আশপাশের প্রায় ৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থাপনাগুলো উচ্ছেদের ফলে দখলমুক্ত হয় রেলওয়ের প্রায় ২ একর জায়গা। এর আগে গত বুধবার সিআরবি এলাকা থেকে ২৩০টি টিনশেড ও ঝুপড়িঘর এবং সোমবার হালিশহর এলাকায় ৪৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুর করিম জানিয়েছেন, এই অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে নারায়ণগঞ্জে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে রেলওয়ে মার্কেটের সাড়ে ৪০০ দোকান ভেঙে দেওয়া হয়। তবে রেললাইন সংলগ্ন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামানের মালিকানাধীন হোটেল এবং জেলা ও মহানগর আওয়ামী লীগের অফিস ভাঙা হয়নি। আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান বলেন, ব্যবসার জন্য তার রেলওয়ে থেকে দেওয়া লাইসেন্স রয়েছে। তাছাড়া ২০২০ সাল পর্যন্ত তার রিনিউ ফি জমা দেওয়া আছে। এখন বাকিটা রেল কর্তৃপক্ষের বিষয়।

উচ্ছেদ হওয়া রেলওয়ে মার্কেটের ব্যবসায়ীদের অবরোধের কারণে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া দুটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নগরের ২ নম্বর রেলগেটে অবরোধের মুখে পড়ে আধা ঘণ্টা আটকে ছিল।

উচ্ছেদ অভিযানকে ঠেকাতে রেলওয়ে মার্কেটের সাড়ে ৪০০ দোকানের মালিকের কাছ থেকে ৪৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যুবদলের সাবেক নেতা ও বাংলাদেশ হোসিয়ারি সমিতির সাবেক সভাপতি বদিউজ্জামান বদুর বিরুদ্ধে। তবে বদু এ অভিযোগ অস্বীকার করেন।

আরও পড়ুন

×