ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জাবিতে ধর্মঘট অব্যাহত, সান্ধ্যকালীন কোর্সও বন্ধ

জাবিতে ধর্মঘট অব্যাহত, সান্ধ্যকালীন কোর্সও বন্ধ
×

জাবিতে ধর্মঘট চলছে- সমকাল

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯ | ১০:৩৯ | আপডেট: ০১ নভেম্বর ২০১৯ | ১০:৪৯

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে ধর্মঘট-অবরোধ অব্যাহত রয়েছে। এতে  শুক্রবার বিশ্ববিদ্যালয়টির সান্ধ্যকালীন কোর্সও বন্ধ ছিল। এদিন সকাল থেকে পূর্বঘোষিত ধর্মঘট-অবরোধের সমর্থনে বিভিন্ন অনুষদ ভবনের সামনে অবস্থান করেন আন্দোলনকারীরা। এ সময় তারা ভবনগুলোর দরজায় তালা লাগিয়ে দেন। এতে সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে প্রবেশ করতে পারেননি।

শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আন্দোলনকারীরা। এতে জানানো হয়, শনিবার  পর্যন্ত ধর্মঘট-অবরোধ অব্যাহত থাকবে। সান্ধ্যকালীন কোর্সসহ সব বিভাগ এ ধর্মঘটের আওতায় থাকবে। অভিযোগ করা হয়, আন্দোলনকারী শিক্ষার্থী ও শিক্ষকদের ভীতি প্রদর্শন করছেন সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। গভীর উদ্বেগ প্রকাশ করে অধ্যাপক জামাল উদ্দিন বলেন, 'গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সরকারি এজেন্সির মাধ্যমে আন্দোলনকারীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে আমরা ভীত নই। কারণ ভয়ভীতি দেখিয়ে যৌক্তিক আন্দোলন দমানো যায় না। এ বিষয়ে সরকার ও আচার্যকে নজর দিতে বলব।'

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, 'ভয়ভীতি দেখানোর বিষয়ে কিছু জানি না। এটা গোয়েন্দা সংস্থার ব্যাপার। তারা তাদের মতো কাজ করছে। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সংশ্লিষ্টতা নেই।'

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প থেকে জাবি শাখা ছাত্রলীগকে দুই কোটি টাকা দেওয়ার অভিযোগে গত তিন মাস ধরে উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন চলছে।

আরও পড়ুন

×