ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু
×

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ০০:১০

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্রসহ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), হোপ পলিটেকনিক এবং রেভারেন্ড পলস হাই স্কুল উপ-কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 

শনিবার  সকাল ৮ টায় ‘সি’ ইউনিটের অধীন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় মূলকেন্দ্রে ১ থেকে ৫১৮৪, কুয়েট উপকেন্দ্রে ৫১৮৫ থেকে ১২৫৩৩, হোপ পলিটেকনিকে ১২৫৩৪ থেকে ১৩২৫৮ এবং রেভারেন্ড পলস উপকেন্দ্রে ১৩২৫৯ থেকে ১৪৬২৩ রোল পর্যন্ত নম্বরধারীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত  ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল, জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা চলছে। 

দুপুর ১-৩০ টা থেকে ৩ টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীন কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল এবং শিক্ষা স্কুলের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূলকেন্দ্র সহ অন্যান্য উপ-কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 

বিকেল ৪ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের অধীনে চারুকলা স্কুলের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা ও আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের www.ku.ac.bd.com  ওয়েবসাইটে পাওয়া যাবে। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় ও আইসিটি সেলের তথ্যমতে, এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের অন্তর্ভূক্ত ২৯টি ডিসিপ্লিনের (বিভাগ) মোট ১২১৭ আসনের বিপরীতে ৩২ হাজার ৬৩৬ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অনলাইনে আবেদন করেছেন। এবার ভর্তিযুদ্ধে আসনপ্রতি লড়াই করবে প্রায় ২৭ জন।  

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৯ নভেম্বর প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী, নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসের মেইন গেট দিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের তল্লাশী করা হয়। ভর্তি পরীক্ষায় কোনো পরীক্ষার্থী সঙ্গে মোবাইল ফোন বা কোনো প্রকার ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একইসাথে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় শিক্ষক ও কর্মচারীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের মুখমণ্ডল ও কান অনাবৃত রাখার নির্দেশনা জারি রয়েছে।

যেসব শিক্ষার্থী খুলনার বাইরে থেকে এসেছেন তাদের নগরীর হোটেল টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল এবং খুবির খানজাহান আলী হলে বিনামূল্যে রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়েছে। খুবির প্রধান ফটকের অপর পাশে দাড়–চিনি রেষ্টুরেন্টে বিনামূল্যে খাবারের ব্যাবস্থা রয়েছে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র্যা ব ও সাদাপোশাকে নিরাপত্তা বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সদস্যরা নিয়োজিত রয়েছেন। দূরদূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে প্রধান ফটকের বাইরে বিভিন্ন জেলা ও সংগঠন ভিত্তিক ষ্টল খোলা হয়েছে।

আরও পড়ুন

×