মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ১০:৩৬ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০৭:০২
স্বেচ্ছায় নিরাপদ রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, রক্তদান ভ্রাতৃত্ববোধ গভীর করে, সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়ায় এবং পারস্পরিক সহাবস্থান সুদৃঢ় করে। প্রতি চার মাস পরপর একজন সুস্থ্য মানুষ রক্তদান করতে পারে। একইসঙ্গে মরণোত্তর চক্ষুদানেও এগিয়ে আসতে হবে। মৃত্যুর পর চোখ কোনো কাজে লাগে না। সেই চোখ দিয়ে একজন অন্ধ মানুষের চোখের আলো ফিরবে। সুতরাং অন্ধত্ব দূরীকরণে মরণোত্তর চক্ষুদানের বিকল্প নেই।
শনিবার জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সন্ধানী মানবসেবার একটি বিশ্বস্ত সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। সংগঠনটি সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে নিরাপদ রক্ত সঞ্চালন কার্যক্রমকে বেগবান করেছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডা. হাবিবে মিল্লাত এমপি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ইউসুফ হারুন, বিএসএমএমইউ'র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ বক্তৃতা করেন।