শাহ মখদুম বিমানবন্দর চালু হচ্ছে মঙ্গলবার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ১২:৫২ | আপডেট: ২০ জুলাই ২০২০ | ০১:১০
কভিড-১৯ মহামারির কারণে কয়েক মাস বন্ধ থাকার পর চালু হচ্ছে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর। রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বেবিচকের এক কর্মকর্তা বলেন, 'আগামী মঙ্গলবার থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনার জন্য সরকারি-বেসরকারি এয়ারলাইন্সগুলোকে অনুমতি দেওয়া হয়েছে। এরই মধ্যে এয়ারলাইন্সগুলো ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়েছে।'
তিনি জানান, কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাব ঠেকাতে দীর্ঘ কয়েকমাস বন্ধ থাকার পর গত ১ জুন শর্তসাপেক্ষে সীমিতি পরিসরে দেশের অভ্যন্তরীণ রুটে শুরু হয়েছে বিমান চলাচল। রুটগুলো হচ্ছে- ঢাক, চট্রগ্রাম, যশোর, সিলেট, সৈয়পুর ও বরিশাল বিমানবন্দর।
এ ব্যাপারে বেবিচক কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মফিদুর রহমান সমকালকে বলেন, 'আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে মঙ্গলবার থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর চালু হচ্ছে। এই নিয়ে দেশের অভ্যন্তরীন রুটের ৮টি বিমানবন্দরের মধ্যে ৭টিই চালু হলো। এসব রুটে স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সগুলো।'
বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার মহাব্যবস্থপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম সমকালকে বলেন, 'আসন্ন ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন রুটে টিকিটের অগ্রিম বুকিংয়ের চাপ বাড়ছে। করোনার মধ্যে ঈদে বাড়ি ফিরতে স্থল ও নৌপথে যানবাহনে চাপ থেকে রক্ষা পেতে আকাশ পথ বেছে নেবেন অনেক যাত্রী। তাই ঈদ সামনে রেখে বাড়তি ফ্লাইট পরিচালনার প্রন্তুতি নেওয়া হয়েছে।'
এদিকে অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসরকারি নভোএয়ারের মধ্যে স্পেশাল রিপ্রোটেকশন চুক্তি সই হয়েছে বলে নভোএয়ারের এক কর্মকর্তা জানিয়েছেন।