ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল
×

বিচারপতি খায়রুল হক। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ | ১৯:৪৯

জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আওয়ামীপন্থি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল, কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। 

বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোমবার এ ঘটনা ঘটে। এ সময় আদালত এ আবেদনের পরবর্তী শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।

এদিন বিকেল ৩টার দিকে খায়রুল হকের পক্ষে শুনানি করার জন্য আদালতে হাজির হন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান, মনসুরুল হক চৌধুরী, কামরুল হক সিদ্দিকী, জেড আই খান পান্না, মনজিল মোরসেদ, শেখ আওসাফুর রহমান বুলু, মোহসীন রশিদ, মোতাহার হোসেন সাজু, সৈয়দ মামুন মাহবুব, এবিএম সিদ্দিকুর রহমানসহ আওয়ামীপন্থি আইনজীবীরা। এজলাস কক্ষে আগে থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। 

শুনানি শুরু হলে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদ আদালতকে বলেন, অ্যাটর্নি জেনারেল এক সপ্তাহ সময় নিতে বলেছেন। তিনি এই মামলায় শুনানি করবেন। এক সপ্তাহ পর এটা শুনানির জন্য রাখেন। তখন খায়রুল হকের পক্ষে আইনজীবী মোহসিন রশিদ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বলেন, আপনি আদালতকে এভাবে নির্দেশনা দিতে পারেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে খায়রুল হকের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও হইচই শুরু হয়। কিছুটা ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। 

একপর্যায়ে খায়রুল হকের পক্ষের আইনজীবী এমকে রহমান আদালতকে বলেন, এবিএম খায়রুল হক দেশের সাবেক প্রধান বিচারপতি। আমরা দেখেছি, তার পেছনে হাতকড়া পরিয়ে আদালতে তোলা হয়েছে। এটা বিচার বিভাগের জন্য অমর্যাদাকর। বিচার বিভাগ এই সময় নীরব ভূমিকা পালন করতে পারে না। এক বছর আগের একটা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা বিএনপির নির্দেশনায় করা হয়েছে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা খায়রুল হকের আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে যখন দেশছাড়া করা হলো তখন আপনারা কোথায় ছিলেন? আজ খায়রুল হকের মতো গণতন্ত্র ধ্বংসকারী কুলাঙ্গারের জামিন চাইতে এসেছেন। রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার বিরুদ্ধে আওয়ামী লীগের সময়ে আটটি মামলা হয়েছে। তখন আপনারা কোথায় ছিলেন? এসময় আদালত বার বার উভয়পক্ষের আইনজীবীদের নিবৃত্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে আদালত শুনানির জন্য আগামী রোববার দিন রাখেন।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এ বি এম খায়রুল হকের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। পাশাপাশি মামলাটি বাতিল চাওয়া হয়। গত ২৪ জুলাই ধানমণ্ডি থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 

আরও পড়ুন

×