জাতীয় মৎস্য সপ্তাহ শুরু আজ
.
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ | ২৩:৫৯
দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ সোমবার থেকে সারাদেশে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। এ বছরের প্রতিপাদ্য ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’। সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে ২৪ আগস্ট পর্যন্ত। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহ উদ্বোধন করবেন। এতে সভাপতিত্ব করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
এদিন মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক-২০২৫ দেওয়া হবে। এবারের জাতীয় মৎস্য সপ্তাহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী কেন্দ্রীয়ভাবে র্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মতবিনিময় সভা, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
১৯ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউতে র্যালি, প্রযুক্তি প্রদর্শনী ও শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা হবে। ২০ আগস্ট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে অভয়াশ্রমের গুরুত্ব ও ভবিষ্যৎ করণীয় নিয়ে সেমিনার, ২১ আগস্ট কারওয়ান বাজার মৎস্য আড়তে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ২২ আগস্ট চট্টগ্রামে মৎস্য ও মৎস্যপণ্য রপ্তানি বিষয়ে আলোচনা সভা, ২৩ আগস্ট মৎস্য ভবনে মৎস্যজীবী, চাষি, জেলে ও আড়তদারদের সঙ্গে মতবিনিময় এবং ভ্রাম্যমাণ প্রচারণা অনুষ্ঠিত হবে। ২৪ আগস্ট বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহ শেষ হবে।
এ ছাড়া দেশের সব জেলা ও উপজেলায় র্যালি, উদ্বোধন অনুষ্ঠান, সফল মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার প্রদান, পোনা অবমুক্তকরণ, নিরাপদ মাছ চাষ ক্যাম্পেইন, তরুণদের কর্মশালা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মৎস্যজীবীদের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
উল্লেখ্য, রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণে গত ২২ জুলাই নির্ধারিত সময়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানসহ সব কর্মসূচি স্থগিত করা হয়।
- বিষয় :
- মৎস্য ও প্রাণিসম্পদ
