লোকমান ভূঁইয়া ৭ দিনের রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ১১:০৩ | আপডেট: ০৩ নভেম্বর ২০১৯ | ১১:০৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েস এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম লোকমানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় লোকমানের আইনজীবী মকবুল হোসেন ফকির রিমান্ড বাতিলের আবেদন করেন।
গত ২৭ অক্টোবর লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে ৪ কোটি ৩৪ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক। এর আগে ২৫ সেপ্টেম্বর লোকমান হোসেনকে রাজধানীর তেজগাঁওয়ের মণিপুরিপাড়ার বাসা থেকে আটক করে র্যাব। এ সময় তার বাসায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া যায়।
- বিষয় :
- লোকমান ভূঁইয়া
- বিসিবি
- দুদক