ঢাবির সাবেক শিক্ষক ড. রইস উদ্দিন আহমেদের মৃত্যু
ড. রইস উদ্দিন আহমেদ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০৯:৫৮ | আপডেট: ২২ জুলাই ২০২০ | ১০:৩১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক ড. রইস উদ্দিন আহমেদ (৭২) মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ভূতত্ত্ববিদ দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় বিভিন্ন গবেষণাকাজে নিযুক্ত ছিলেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন এবং দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় প্রবাস জীবনযাপন করেছেন।
বুধবার বিকেলে জানাজা শেষে নরসিংদী জেলার বেলাবো থানার নিজ বাড়িতে মরহুমের বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নবনিযুক্ত চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এক শোক বার্তায় তিনি বলেন, তার মৃত্যুতে জাতি এক মেধাবী সন্তানকে হারালো। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। ড. রইস উদ্দিনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।