ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডাকসুর হেভিওয়েট প্রার্থীদের কে কত ভোট পেলেন

ডাকসুর হেভিওয়েট প্রার্থীদের কে কত ভোট পেলেন
×

ছবি: ফাইল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ২৩:২৬ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ২৩:৩৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস, এজিএসসহ ২৮ পদের ২৫টিতে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির ও তাদের সমর্থিত প্রার্থীরা। গবেষণা ও প্রকাশনা সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং তিনটি সদস্য পদে জয় পেয়েছেন স্বতন্ত্র ও বাম সংগঠনের প্রার্থীরা।

ভিপি পদে শিবিরের আবু সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট। এরপরের অবস্থান যথাক্রমে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩ হাজার ৮৮৩, উমামা ফাতেমা ৩ হাজার ৩৮৯ ও আবদুল কাদের ১ হাজার ১০৩ ভোট।

জিএস পদে শিবিরের এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়ী হন। এ পদে ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম ৫ হাজার ২৮৩, প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু ৪ হাজার ৯৪৯, স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী ৪ হাজার ৪৪ ও বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের মজুমদার ২ হাজার ১৩১ ভোট পান।

এজিএস পদে বিজয়ী শিবিরের মহিউদ্দীন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট। ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ ৫ হাজার ৬৪, স্বতন্ত্র প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী ৩ হাজার ৮০, প্রতিরোধ পর্ষদের জাবির আহমেদ জুবেল ১ হাজার ৫১১ ও স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি ১ হাজার ১৩৭ ভোট পান।

সম্পাদকীয় ১২ পদের ৯টিতে জয়ী শিবিরের প্রার্থীরা। বাকি তিনটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী– সানজিদা আহমেদ তন্বি (গবেষণা ও প্রকাশনা), মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (সাহিত্য ও সাংস্কৃতিক) এবং যুবাইর বিন নেছারী (সমাজসেবা)। তাদের মধ্যে জুবাইর ও মুসাদ্দিক শিবিরের সমর্থন পেয়েছেন। শিবির প্যানেলের ডামি হিসেবে তাদের দাঁড় করিয়েছিল।

তন্বি পেয়েছেন ১১ হাজার ৭৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবিরের সাজ্জাদ হোসাইন খান পেয়েছেন ৭ হাজার ১৮৯ ভোট। মুসাদ্দিকের ৭ হাজার ৭৮২ ভোটের বিপরীতে শিবিরের নুরুল ইসলাম পান ২ হাজার ৭৪৭ ভোট। সাহিত্য ও সাংস্কৃতিক পদে প্রতিরোধ পর্ষদের ফারিয়া মতিন পেয়েছেন ২ হাজার ১৪৭ ভোট।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে শিবিরের ফাতেমা তাসনিম জুমা জয়ী হয়েছেন ১০ হাজার ৬৩১ ভোট পেয়ে, যেখানে ছাত্রদলের আরিফুল ইসলামের ভোট ২ হাজার ৪৭০ এবং স্বতন্ত্র প্রার্থী নূমান আহমাদের ১ হাজার ৭৭৬।

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে শিবিরের ইকবাল হায়দার ৭ হাজার ৮৩৩ ভোট পেয়ে জয়ী হন। আন্তর্জাতিক সম্পাদক পদে শিবিরের জসীমউদ্দিন খানের ভোট ৯ হাজার ৭০৬। ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে ছালমা পেয়েছেন ৯ হাজার ৯২০ ভোট।

ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে মাজহারুল ইসলাম জয়ী হয়েছেন ৯ হাজার ৩৪৪ ভোটে। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে শিবিরের এম এম আল মিনহাজ পেয়েছেন ৭ হাজার ০৩৮ ভোট এবং মানবাধিকার ও আইন সম্পাদক পদে মো. জাকারিয়া পেয়েছেন ১১ হাজার ৭৪৭ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে শিবিরের আরমান হোসেন পেয়েছেন ৭ হাজার ২৫৫ ভোট। ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আবদুল্লাহ পেয়েছেন ৯ হাজার ৬১ ভোট। সমাজসেবা সম্পাদক পদে জয়ী স্বতন্ত্র প্রার্থী এ বি জুবায়ের ৭ হাজার ৬০৮ ভোট পেয়েছেন। তবে তিনিও শিবির সমর্থিত বলে জানা গেছে। এই পদে ছাত্রদলের সৈয়দ ইমাম হাসান অনিক ৩ হাজার ৯০৩, শরীফুল ইসলাম ২ হাজার ৫৫৬ ও মহির আলম পেয়েছেন ২ হাজার ৯৯ ভোট।

ডাকসুর ১৩ সদস্য পদের ১১টিতেই বিজয়ী শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। তারা হলেন– সাবিকুন নাহার তামান্না (১০ হাজার ৮৪ ভোট), সর্ব মিত্র চাকমা (৮ হাজার ৯৮৮), ইমরান হোসাইন (৬ হাজার ২৫৬), আফসানা আক্তার (৫ হাজার ৭৪৭), তাজিনুর রহমান (৫ হাজার ৬৯০), রায়হান উদ্দীন (৫ হাজার ৮২), মিফতাহুল হোসাইন আল-মারুফ (৫ হাজার ১৫), আনাস ইবনে মুনির (৫ হাজার ১৫), বেলাল হোসেন অপু (৪ হাজার ৮৬৫), রাইসুল ইসলাম (৪ হাজার ৫৩৫) ও শাহিনুর রহমান (৪ হাজার ৩৯০ ভোট)।

সদস্য পদে প্রতিরোধ পর্ষদের হেমা চাকমা ৪ হাজার ৯০৮ এবং স্বতন্ত্র প্রার্থী উম্মা উসওয়াতুন রাফিয়া ৪ হাজার ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

×