উপদেষ্টার আশ্বাসে পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি কর্মসূচি স্থগিত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:২৪ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ | ২১:৩১
উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশ্বাসে গণছুটি কর্মসূচি প্রত্যাহার করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আরইবি-পিবিএস সংস্কারের জন্য ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে আন্দোলন শুরু হয়। দীর্ঘদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার বিভিন্ন সময়ে একাধিক কমিটি গঠন করলেও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অসহযোগিতার কারণে তা বাধাগ্রস্ত হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা আরইবির দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলেই শুরু হয় মামলা, চাকরিচ্যুত, বরখাস্ত, সংযুক্তসহ নানা ধরনের দমনপীড়ন। গত মে-জুন মাসে শহীদ মিনারে ১৬ দিনব্যাপী আন্দোলনের পর বিদ্যুৎ বিভাগের লিখিত আশ্বাসে ৫ জুন কর্মসূচি প্রত্যাহার করা হয়। এরপর বিদ্যুৎ বিভাগ দুটি কমিটি গঠন করে। কিন্তু ওই দুই কমিটির সুপারিশ বাস্তবায়ন না করে আরইবি সমিতির কর্মকর্তা-কর্মচারীদের হয়রানির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে।
মাহবুবুর রহমান জানান, আন্দোলনের কারণে এখন পর্যন্ত ১৭২ জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা, ২০ কর্মকর্তাকে দীর্ঘদিন জেল খাটানো, ৪০ জনকে বিনা নোটিশে চাকরিচ্যুত, ৮৭ জনকে বরখাস্ত ও সংযুক্ত, সাড়ে ছয় হাজার জনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। গত ১৭ আগস্ট ও ৪ সেপ্টেম্বর পর্যন্ত আট সহকর্মীকে বিনা নোটিশে চাকরিচ্যুত এবং ২৮ জনকে স্ট্যান্ড রিলিজপূর্বক বরখাস্ত করা হয়েছে। গত ৩১ আগস্ট থেকে সংকট সমাধানের লক্ষ্যে চার দফা দাবিতে পাঁচ দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হলেও, সমস্যা সমাধানের উদ্যোগ না নেওয়ায় বাধ্য হয়ে ৭ সেপ্টেম্বর থেকে গণছুটি কর্মসূচি ঘোষণা করতে হয়।
তিনি বলেন, গণছুটি কর্মসূচিতে ৮০টি সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে প্রায় ৩৩ হাজার কর্মকর্তা-কর্মচারী সতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলেও, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে উপকেন্দ্রগুলো চালু রাখা হয়েছে। বিদ্যুৎ বিভাগের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় আরইবি বারবার ভুল তথ্য দিয়ে বিদ্যুৎ বিভাগকে বিভ্রান্ত করছে। এরই ধারাবাহিকতায় মাঠ পর্যায়ের বাস্তবতা উপেক্ষা করে আন্দোলনকারীদের দেশবিরোধী শক্তি বা নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারী ইত্যাদি ট্যাগ দেওয়া হচ্ছে, যা অপ্রত্যাশিত।
মাহবুবুর রহমান বলেন, চলমান গণছুটি কর্মসূচি প্রত্যাহার করে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিদ্যুৎ উপদেষ্টা আহ্বান জানিয়েছেন। এ অবস্থায় দেশের সামগ্রিক প্রেক্ষাপট ও জনদুর্ভোগ বিবেচনায় বিদ্যমান সংকটের সুষ্ঠু সমাধানের জন্য চলমান গণছুটি কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো। সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হলো।
- বিষয় :
- পল্লী বিদ্যুৎ সমিতি
