থাইল্যান্ডে সিকদার গ্রুপের সাত কোম্পানির সম্পদ অবরুদ্ধের আদেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৫০
| প্রিন্ট সংস্করণ
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান প্রয়াত জয়নুল হক সিকদারের তিন সন্তান রন হক সিকদার, রিক হক সিকদার ও পারভীন হক সিকদারের নামে থাইল্যান্ডের সাত কোম্পানিতে থাকা বিনিয়োগ অবরুদ্ধের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ সোমবার এ আদেশ দেন।
থাইল্যান্ডে সিকদার পরিবারের এসব কোম্পানির সম্পদের পরিমাণ ৩৫ কোটি ৩০ লাখ থাই বাথ (প্রায় ১৩৩ কোটি ৩৫ লাখ টাকা)। দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান তা জব্দের আবেদন করেন।
আবেদনে বলা হয়, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান জয়নুল হক সিকদার, তাঁর পরিবার ও সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতি, সরকারি অর্থ তছরুপ, ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এ ঘটনায় সাত সদস্যের একটি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে দুদক। তদন্ত চলাকালে অভিযোগ ওঠা ব্যক্তিরা বিদেশে অবস্থিত তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি স্থানান্তরের চেষ্টা করছেন।
জয়নুল হক সিকদার ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি মারা যান। তাঁর ছেলে রন হক ব্যাংকটির সাবেক পরিচালক। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে ভেঙে দেওয়া হয়।
তৌফিকার ১১৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ
সিটিজেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান আইনজীবী তৌফিকা করিমের নামে থাকা ১১৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাব শাখায় বর্তমানে ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা জমা রয়েছে। হিসাবগুলোয় অবৈধ লেনদেন হয়েছে ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা।
- বিষয় :
- সম্পদের হিসাব
