সাঁওতাল পল্লিতে হামলা: গাইবান্ধায় নারাজি আবেদনের ওপর শুনানি
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ০৯:১৮
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লিতে হামলা, অগ্নিসংযোগ, হত্যা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার নারাজি আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে এ শুনানি হয়।
এতে অংশ নেন বাদীপক্ষের ব্যারিস্টার মিনহাজুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার রফিক আহম্মেদ সিরাজী, গাইবান্ধা জেলা জজকোর্টের আইনজীবী সিরাজুল ইসলাম বাবু, মুরাদজ্জামান রব্বানী ও গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী ফয়জুল হক। দীর্ঘ সময় বাদীপক্ষের যুক্তিতর্ক শুনে আদালত আগামী ২৩ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
শুনানি শেষে আইনজীবী সিরাজুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেন, এ মামলার গুরুত্বপূর্ণ ১১ আসামিকে বাদ দেওয়া হয়েছিল। এ কারণে আমরা নারাজি আবেদন করেছি। এর পক্ষে আমাদের যথেষ্ট যুক্তি ও আইনি সমর্থন রয়েছে।
এদিকে, সাঁওতাল হত্যা ঘটনায় আজও গোবিন্দগঞ্জে বিক্ষোভ সমাবেশ হয়েছে। স্থানীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক নাসিম। বক্তব্য দেন সিপিবির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, আইনজীবী মিনহাজুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার রফিক আহম্মেদ সিরাজী, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, অ্যাডভোকেট মুরাদজ্জামান রব্বানী, প্রতিভা সরকার ববি প্রমুখ। এর আগে সাঁওতাল পল্লি থেকে সহস্রাধিক নারী-পুরুষ প্রায় ১২ কিলোমিটার হেঁটে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে সমাবেশে মিলিত হন।
- বিষয় :
- সাঁওতাল পল্লিতে হামলা
- গোবিন্দগঞ্জ