ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৬৩ জন

ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৬৩ জন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ | ২৩:৫২

সারাদেশে রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৯৬৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল বিকেলের পাঠানো এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন আক্রান্তের মধ্যে ৬২ শতাংশই পুরুষ। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১৬ থেকে ৩০ বছর বয়সী। সর্বশেষ মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে দুজন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। বাকি তিনজনের মধ্যে একজন করে রয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন, রাজশাহী ও বরিশাল বিভাগে। মৃত্যুবরণকারীদের দুজন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন; বাকি তিনজন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৫৫৯-তে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৩০ জনের। ইতোমধ্যে ৫১ হাজার ৭৮৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

ঢাকার বাইরে সংক্রমণ ও রোগীর চাপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন বাদে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় (১৯৭ জন)। এর মধ্যে গাজীপুরে আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশি– ৮৪ জন। বরিশাল বিভাগেও রোগীর সংখ্যা ছিল তুলনামূলকভাবে বেশি– ১৪১ জন। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ২৬৯ জন।

জনস্বাস্থ্যবিদ অধ্যাপক বে-নজীর আহমেদ বলেন, ডেঙ্গুতে মৃত্যু কমছে না। এখন যে বৃষ্টি হয়ে গেল, এরপর আগামী ১০ দিনের মধ্যে আবারও নতুন করে ডেঙ্গুর বিস্তার হতে পারে। চলতি বছর ঢাকার বাইরে রোগী বেশি হবে, তা আগে থেকেই অনুমান করা গিয়েছিল। কিন্তু কার্যকর কোনো উদ্যোগ না থাকায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।

আরও পড়ুন

×