হাইকোর্টে শওকত আজিজের জামিন
শওকত আজিজ রাসেল- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ০৯:৪১
গাড়ি থেকে মাদক ও গুলি উদ্ধারের ঘটনার দুই মামলায় পারটেপ গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেমের ছোট ছেলে শওকত আজিজ রাসেলকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা এসব মামলায় বিচারিক আদালতে পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন আদালত।
সোমবার এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাসেলের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।
গত ১ নভেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় শওকত আজিজ রাসেলের বিলাসবহুল গাড়ি তল্লাশি করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গাড়ি (ঢাকা-মেট্রো-ঘ-১৩-৮৩৭৫) থেকে ২৮ রাউন্ড গুলি, এক হাজার ২০০ পিস ইয়াবা, ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ, ৪৮ ক্যান বিয়ার এবং ২২ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
আটক করা হয় গাড়িচালক সুমনকে। পরে এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়।
- বিষয় :
- শওকত আজিজ রাসেল
- জামিন